প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার পরিচালনার দায়িত্ব নেওয়ার আগেই যে পরিকল্পনাগুলো দেশবাসীর সামনে তুলে ধরেছিলেন, বর্তমানে সেগুলোই পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হচ্ছে বলে জানিয়েছেন তার প্রেস সচিব সালেহ শিবলী। শুক্রবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
প্রেস সচিব বলেন, তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত কপ-৩১ সম্মেলনে প্রধানমন্ত্রী বাংলাদেশের পক্ষ থেকে পাঁচ দফা দাবি উপস্থাপন করেছেন। তিনি বলেন, ২৫ কোটি বৃক্ষরোপণ এবং ২০ হাজার মাইল খাল খননের মতো গুরুত্বপূর্ণ পরিকল্পনাগুলো এখন মাঠ পর্যায়ে বাস্তবায়িত হচ্ছে।
সালেহ শিবলী আরও জানান, তুরস্ক সফরে প্রধানমন্ত্রীর প্রতিনিধি দল ছিল অত্যন্ত ছোট, যা সরকারের মিতব্যয়ী মনোভাবের প্রতিফলন। সম্মেলনে প্রধানমন্ত্রী বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নিয়েছেন এবং জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশের অবস্থান দৃঢ়ভাবে তুলে ধরেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় আগামী কয়েক দিনের মধ্যে এই সফরের বিস্তারিত ফলাফল আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে অবহিত করবে।


























