বরগুনার তালতলী উপজেলার বড়বগী ইউনিয়নের মোমেশেপাড়া-নয়াপাড়া খালের ওপর নির্মিত ঝুঁকিপূর্ণ লোহার সেতুটি ভেঙে পড়েছে। এতে দুই পাড়ের যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন হাজারো সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা। শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাতে সেতুটি হঠাৎ খালে ভেঙে পড়ে, তবে এ ঘটনায় সৌভাগ্যবশত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
খোঁজ নিয়ে জানা যায়, প্রায় ১৫ বছর আগে উপজেলার বড়বগী ইউনিয়নের মোমেশেপাড়া-নয়াপাড়া খালের ওপর ১০০ মিটার দীর্ঘ এই লোহার সেতুটি নির্মাণ করা হয়েছিল। দীর্ঘ দিন ধরে প্রয়োজনীয় সংস্কারের অভাবে সেতুটির বিভিন্ন লোহার অ্যাঙ্গেল ক্ষয় হয়ে মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। এই সেতু দিয়ে মোমেশেপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বিএন. এ. মাধ্যমিক বিদ্যালয়ের কয়েকশ শিক্ষার্থী নিয়মিত যাতায়াত করত। সেতুটি ভেঙে যাওয়ায় দুই এলাকার সাধারণ মানুষের পাশাপাশি শিক্ষার্থীদের চলাচলও সম্পূর্ণ বন্ধ রয়েছে, যার ফলে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে তাদের নিয়মিত পাঠদান ও শিক্ষাকার্যক্রম।
এ বিষয়ে কথা বলতে গিয়ে শিক্ষার্থী মারিয়া আক্তার, আমেনা আক্তার, হাসিবুর রহমান ও রফিকুল ইসলাম জানান, সেতুটি ভেঙে যাওয়ার আগে তারা চরম ঝুঁকি নিয়ে এটি পারাপার হতেন, আর এখন তো তাদের স্কুলে যাওয়া পুরোপুরি বন্ধ রয়েছে। তাই দ্রুত যাতায়াতের জন্য বিকল্প কোনো ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান তারা।
মোমেশেপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিদ জোমাদ্দার বলেন, রাতে হঠাৎ করেই সেতুটি ভেঙে যায়। এটি দীর্ঘদিন ধরেই অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। এখন দুই পাড়ের যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় শিক্ষার্থীদের পাঠদান মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। দ্রুত এখানে নতুন একটি সেতু নির্মাণ করা অত্যন্ত জরুরি।
এ প্রসঙ্গে তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতীশ সরকার বলেন, আপদকালীন সাধারণের চলাচলের সুবিধার্থে উপজেলা প্রকৌশল অধিদপ্তরকে দ্রুত প্রাক্কলন (এস্টিমেট) তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। প্রাক্কলন চূড়ান্ত হলেই দ্রুততম সময়ের মধ্যে সেখানে একটি কাঠের পোল নির্মাণের ব্যবস্থা গ্রহণ করা হবে।























