‘দই, দই, ভালো দই।’ জীবিকার তাগিদে ৮০ বছর বয়সেও কাঁধে দইয়ের হাঁড়ি আর মুখে চিরচেনা হাঁক নিয়ে এক গ্রাম থেকে আরেক গ্রামে ঘুরে বেড়ান দইওয়ালা গজেন বর্মণ। সময়ের ব্যবধানে অনেকেই পেশা বদল করেছেন, কিন্তু বদলাননি তিনি। বদলায়নি তার সেই চেনা হাঁকডাকও।
দইয়ের ভার নিয়ে মানুষের বাড়ি বাড়ি ঘুরে বেড়ানো প্রবীণ গজেনের বাড়ি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার নওহাটি চাচিয়া গ্রামে। বয়স ৮০ হলেও থেমে নেই তার পথচলা। সকাল হলেই কাঁধে দইয়ের হাঁড়ি নিয়ে বেরিয়ে পড়েন তিনি। দই বিক্রি করতে ঘুরে বেড়ান গ্রামের পর গ্রাম।
পুরুষেরা মাঠে কাজে ব্যস্ত থাকায় তার দইয়ের খদ্দের মূলত বাড়ির নারী ও শিশুরা। তাই হাঁটতে হাঁটতে কোনো বাড়ির কাছাকাছি গেলেই বাড়ির ভেতরে থাকা নারী ও শিশুদের মনোযোগ আকর্ষণ করতে হাঁক দেন, ‘দই, দই, ভালো দই!’
আর সেই হাঁক শুনে বাড়ির ভেতর থেকে দৌড়ে বেরিয়ে আসে শিশু-কিশোররা। ডেকে বলে, ‘দইওয়ালা, ও দইওয়ালা, একটু দাঁড়াও।’ খুদে খদ্দেরদের ডাকে সাড়া দিয়ে দাঁড়িয়ে পড়েন গজেন। এরপর দই কেনার জন্য মায়ের কাছে টাকা চেয়ে বায়না ধরে শিশুরা। সন্তানের আবদার মেটাতে কখনো টাকা, আবার কখনো ঘরে থাকা চাল দিয়ে দেন মায়েরা। হাতে বাটি কিংবা গামলা নিয়ে আসে শিশুরা। দই পেয়ে খুশিতে মেতে ওঠে তারা।
মানসী নামের এক কিশোরী বলে, ‘অমল ও দইওয়ালার নাটিকা পড়েছি। এই দাদুকে দেখলে মনে হয় রবীন্দ্রনাথ ঠাকুরের সেই দইওয়ালার কথা। বাড়িতে টাকা না থাকলেও দই দিয়ে যান।’
কখনো আবার গজেনের হাঁক শোনা যায়, ‘দই, দই, ভালো দই! জামাই ভোলানো দই!’ তার এমন চিরচেনা হাঁক মনে করিয়ে দেয় গ্রামবাংলায় জামাইদের কদর ও আদর-আপ্যায়নের কথা।
বাবার মৃত্যুর পর ৫৭ বছর ধরে গ্রামের পর গ্রাম ঘুরে মানুষের দই ও পনিরের চাহিদা মিটিয়ে আসছেন গজেন। প্রবীণ এই মানুষটির সম্পদ বলতে একটি ছোট্ট ভিটা। সেখানে দুটি ছোট ঘর। আর রয়েছে একটি নড়বড়ে ভ্যান। দূরের গ্রামে ঘুরতে গেলে মাঝেমধ্যে সেই ভ্যান নিয়ে বেরিয়ে পড়েন তিনি। প্যাডেলচালিত ভ্যান চালাতে গিয়ে হাঁপিয়ে ওঠেন। খানিকটা সময় দম নেওয়ার পর আবার যাত্রা শুরু করেন গন্তব্যের দিকে।
দই বিক্রি করে যা আয় হয়, তা দিয়েই টানাটানি করে চালান ছয় সদস্যের সংসার। বয়সের ভারে শরীর আর আগের মতো সঙ্গ দেয় না। তবু জীবিকার তাগিদে থেমে থাকার সুযোগ নেই তার।
গজেন চন্দ্র বর্মণ বলেন, ‘সারাদিন দই বিক্রি হয় ২০ থেকে ২২ কেজি। কেজিতে লাভ হয় মাত্র ১৫ থেকে ২০ টাকা। লাভ হয় ৩০০ থেকে ৪০০ টাকা। এই টাকা দিয়ে কোনোমতে চলে সংসার। বয়স বেড়েছে। আগের মতো আর চলতে পারি না। কিন্তু কী করব, কন? বসে থাকলে তো আর পেট বাঁচবে না। তাই একটা বুড়া ভ্যান নিয়েছি। কিন্তু সেটাও নড়বড়ে। প্যাডেল চালিত। চালাতে গিয়ে হাঁপিয়ে উঠি। দম নিতে হয়। একটা অটোভ্যান হলে ভালো হতো। কিন্তু কে দেবে সেটা?’


























