বাংলাদেশি রোগীদের জন্য জাপানে উন্নত চিকিৎসা গ্রহণের পথ সুগম ও সহজতর করতে বাংলাদেশ মেডিকেল ট্যুরিজম অ্যাসোসিয়েশন (বিএমটিএ) এবং জাপানের ইন্টারন্যাশনাল মেডিকেল কো-অর্ডিনেটর কোম্পানিজ অ্যাসোসিয়েশনের (জিমকা) মধ্যে এক সমঝোতা স্মারক সই হয়েছে। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে উভয় পক্ষ এ চুক্তিতে আবদ্ধ হয়।
এই সমঝোতার ফলে জাপানে চিকিৎসাসেবা নিতে আগ্রহী বাংলাদেশিদের যাতায়াত প্রক্রিয়া ও সার্বিক সমন্বয় আরও সহজ হবে। পাশাপাশি দেশটির আধুনিক হৃদরোগের চিকিৎসা, বিশেষায়িত স্বাস্থ্যসেবা এবং রোবোটিক চিকিৎসা প্রযুক্তি সম্পর্কে বাংলাদেশি রোগীদের সুস্পষ্ট ধারণা তৈরি হবে।
অনুষ্ঠানে জাপানের কোবে বিশ্ববিদ্যালয় হাসপাতালের কার্ডিওভাসকুলার মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক হিরোমাসা ওতাকে আধুনিক হৃদরোগের চিকিৎসায় অপটিক্যাল কোহেরেন্স টমোগ্রাফি (ওসিটি) ও জটিল করোনারি ইন্টারভেনশন বিষয়ে তাঁর অভিজ্ঞতা তুলে ধরেন। এছাড়া আন্তর্জাতিক যোগাযোগ সেন্টারের প্রধান অধ্যাপক তোমো ইতো আন্তর্জাতিক রোগীদের চিকিৎসাসেবা সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে জিমকার সেক্রেটারি জেনারেল কাতসুয়া সাকাগামি, জাইকার কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ কিয়োশি আমাদা, সিনিয়র রিপ্রেজেন্টেটিভ ইউকো মোরিকাওয়া এবং বিএমটিএর সভাপতি মোহাম্মদ আরিফ হোসেন ও সাধারণ সম্পাদক এ কে এম মুফাসসেরুল হকসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


























