চট্টগ্রাম নগরের আগ্রাবাদ ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে বনফুলসহ চারটি প্রতিষ্ঠানকে মোট ৯৯ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (৩ নভেম্বর) পরিচালিত এ তদারকি কার্যক্রমে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে তেল সংরক্ষণ ও প্যাকেটজাতকরণ এবং মেয়াদোত্তীর্ণ উপকরণ দিয়ে খাদ্যপণ্য উৎপাদনের দায়ে এসব জরিমানা করা হয়।
অভিযানে এম অ্যান্ড এস মেডিকোকে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ৬ হাজার টাকা এবং সাঈদ মেডিকেল হলকে একই অপরাধে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া পাঠানটুলি চৌমুহনীর একটি তেলের দোকানকে অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর উপায়ে তেল সংরক্ষণ ও প্যাকেটজাতকরণ এবং মোড়কজাত তেলে মেয়াদ ও মূল্য উল্লেখ না করার দায়ে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, বনফুলকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। প্রতিষ্ঠানটিতে মেয়াদোত্তীর্ণ বিভিন্ন উপাদান ব্যবহার করে খাদ্যদ্রব্য উৎপাদন, খাবার সংরক্ষণের ফ্রিজে তেলাপোকার বিচরণ এবং বেনামি ও লেবেলবিহীন ঘি ব্যবহার করে খাদ্যদ্রব্য উৎপাদনের প্রমাণ পাওয়া যায়।
সব মিলিয়ে চারটি প্রতিষ্ঠানকে ৯৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

























