ঝুঁকিপূর্ণ শিশুশ্রম বন্ধে পরিচালিত কার্যক্রম দেখতে চট্টগ্রামে ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন (ওয়াইপিএসএ)-এর ‘ফ্রি কিডস’ প্রকল্প পরিদর্শন করেছে যুক্তরাষ্ট্রের শ্রম দপ্তরের একটি প্রতিনিধি দল।
বুধবার প্রতিনিধি দলের সদস্য শ্রম অ্যাটাশে লীনা খান ও শ্রম বিশেষজ্ঞ মো. সাইফুজ্জামান মেহরাব প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেন।
এ সময় তাঁরা ফিশারিঘাটের কাছে বস্তহারা এলাকার কয়েকটি শুঁটকি প্রক্রিয়াজাতকরণ চাতাল ঘুরে দেখেন। সেখানে শ্রমিকদের সঙ্গে কথা বলেন তাঁরা। শ্রমিকদের মধ্যে শিশুরাও ছিল। পাশাপাশি ঝুঁকিপূর্ণ শিশুশ্রম থেকে বেরিয়ে আসা প্রকল্পের উপকারভোগীদের সঙ্গে কথা বলেন প্রতিনিধি দলের সদস্যরা।
প্রকল্পের উপকারভোগীরা জানান, কারিগরি প্রশিক্ষণ এবং পরিবারের অভিভাবকদের জীবিকায়ন সহায়তা তাঁদের পরিবারের আর্থিক চাপ কমাতে সহায়তা করেছে। প্রতিনিধি দলটি শুঁটকি চাতাল সমবায় সমিতির প্রতিনিধিদের সঙ্গেও শ্রমিকদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করে।
পরিদর্শনকালে শ্রম অ্যাটাশে লীনা খান বলেন, শিশুশ্রম কমাতে ওয়াইপিএসএর উদ্যোগটি অত্যন্ত সামগ্রিক। বিশেষ করে, কিশোর-কিশোরীদের কারিগরি প্রশিক্ষণ এবং অভিভাবকদের জীবিকায়ন প্রশিক্ষণ কমিউনিটিবান্ধব বলে তিনি উল্লেখ করেন।
ওয়াইপিএসএর অ্যাডভোকেসি ফোকাল পারসন মোহাম্মদ আলী শাহিন বলেন, শিশুশ্রমের কার্যকর ও তথ্য-প্রমাণভিত্তিক সমাধান নিশ্চিত করতে আরও গবেষণা ও অ্যাডভোকেসি প্রয়োজন। এ ক্ষেত্রে সরকার ও আন্তর্জাতিক সংস্থাগুলোর সহায়তা জোরদার করাও জরুরি।
‘ক্লাইমেট অ্যাকশন অ্যাট লোকাল লেভেল’ (ক্যাল) কর্মসূচির আওতায় ওয়াইপিএসএ ‘ফ্রি কিডস’ প্রকল্পটি বাস্তবায়ন করছে। প্রকল্পটিতে সহায়তা দিচ্ছে সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কো-অপারেশন (এসডিসি) এবং সলিডার সুইস বাংলাদেশ।

























