দীর্ঘ ১৫ বছর পর আবারও পর্দায় একসঙ্গে হাজির হলেন বলিউড সুপারস্টার শাহরুখ খান ও কারিনা কাপুর খান। তাদের পুরোনো রসায়নে নতুন মাত্রা যোগ করেছে আসন্ন সিনেমা ‘কিং’-এর দ্বিতীয় গান ‘ড্যাডি কুল’। শুক্রবার (২৭ নভেম্বর) প্রকাশিত গানটি নিয়ে ইতিমধ্যে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে উচ্ছ্বাস। বিশেষ করে সংগীতশিল্পী অরিজিৎ সিংয়ের সঙ্গে শাহরুখের আরেকটি কাজ দর্শকদের আগ্রহ বাড়িয়েছে।
‘ড্যাডি কুল (কিং ভার্সন)’ শিরোনামের গানটি বনি এমের বিশ্বজুড়ে জনপ্রিয় ‘ড্যাডি কুল’ থেকে অনুপ্রাণিত। মূল গানের আবহ ধরে রেখে এতে যোগ করা হয়েছে বলিউডি সংগীত ও নাচের ছোঁয়া। গানটিতে শাহরুখ ও কারিনাকে দেখা গেছে প্রাণবন্ত নাচের মুদ্রায়। তাদের পর্দার রসায়নও নজর কেড়েছে দর্শকদের।
গানটির সংগীত পরিচালনা করেছেন সংগীত জুটি সচিন-জিগর। কণ্ঠ দিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী সংগীতশিল্পী অরিজিৎ সিং ও শিলপা রাও। হিন্দি গানের কথা লিখেছেন কুমার। আর নৃত্য পরিচালনার দায়িত্বে ছিলেন বলিউডের পরিচিত কোরিওগ্রাফার বৈভবী মার্চেন্ট।
গানটি প্রকাশ করে শাহরুখ খান ইনস্টাগ্রামে লিখেছেন, ‘ব্যাক উইথ বেবো… গান ওল্ড স্কুল… বাট স্টিল কুল!’ মেটার ফ্ল্যাগশিপ আয়োজন ‘হাউস অব ইনস্টাগ্রাম ২০২৬’-এ গানটি উন্মোচন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৭০০-এর বেশি কনটেন্ট ক্রিয়েটর।
শাহরুখ ও কারিনার এই পুনর্মিলন বিশেষ গুরুত্ব পাচ্ছে তাদের দীর্ঘদিনের পর্দার সম্পর্কের কারণে। ২০০১ সালে ‘অশোকা’ ও ‘কাভি খুশি কাভি গম’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেন তারা। পরে ২০১১ সালে মুক্তি পাওয়া ‘রা.ওয়ান’ সিনেমায় দেখা যায় এই জুটিকে। এরপর দীর্ঘ ১৫ বছর পর ‘কিং’-এর গানে আবারও একসঙ্গে হলেন তারা।
এর আগে গত ২ নভেম্বর শাহরুখের ৬১তম জন্মদিনে প্রকাশিত হয় ‘কিং’-এর প্রথম গান ‘তু মিল যায়ে’। রোমান্টিক ঘরানার ওই গানে শাহরুখের সঙ্গে দেখা গেছে দীপিকা পাড়ুকোনকে। প্রথম গান সিনেমার প্রেমের দিকটি তুলে ধরলেও ‘ড্যাডি কুল’ সামনে এনেছে এর নাচ ও বিনোদননির্ভর আবহ।
সিদ্ধার্থ আনন্দ পরিচালিত অ্যাকশন থ্রিলার ‘কিং’-এ শাহরুখের পাশাপাশি অভিনয় করছেন সুহানা খান, অভিষেক বচ্চন, জ্যাকি শ্রফ, আরশাদ ওয়ারসি ও রাঘব জুয়াল। সিনেমাটিতে বিশেষ উপস্থিতিতে থাকছেন কারিনা কাপুর, দীপিকা পাড়ুকোন ও রানি মুখার্জি।
গৌরী খানের রেড চিলিজ এন্টারটেইনমেন্ট এবং সিদ্ধার্থ ও মামতা আনন্দের মারফ্লিক্স পিকচার্স প্রযোজিত সিনেমাটি আগামী ২৪ ডিসেম্বর ২০২৬ বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। ২০২৩ সালে ‘ডানকি’ মুক্তির পর বড় পর্দায় শাহরুখের নতুন সিনেমা হিসেবে ‘কিং’ নিয়েও দর্শকদের প্রত্যাশা রয়েছে তুঙ্গে।

























