অবৈধ গ্যাস সংযোগ ও বকেয়া বিল আদায়ে কঠোর অবস্থান নিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিসন এণ্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি। এরই অংশ হিসেবে সম্প্রতি নারায়ণগঞ্জ, গাজীপুর ও মানিকগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল সংখ্যক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে এক অভিযানে ৫টি স্পটের অবৈধ লাইন উচ্ছেদসহ ৪টি চুনা কারখানা ও একটি হাইওয়ে রেস্টুরেন্টের সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অভিযানে জরিমানা হিসেবে ১৫ হাজার ৫০০ টাকা আদায় করা হয়েছে।
গাজীপুর ও মানিকগঞ্জ এলাকাতেও একই ধরনের অভিযান পরিচালিত হয়েছে। বিল বকেয়া থাকায় গাজীপুরের প্যারাগন সিরামিকসসহ বেশ কয়েকটি বাণিজ্যিক ও শিল্প প্রতিষ্ঠানের গ্যাস সংযোগ বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া মানিকগঞ্জের দাশড়া ও বান্দুটিয়া এলাকায় অভিযান চালিয়ে ১৬টি ডাবল চুলার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং সংশ্লিষ্ট সরঞ্জামাদি জব্দ করা হয়।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধ ব্যবহার রোধ এবং বকেয়া আদায়ে তাদের এই বিশেষ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। দেশের জ্বালানি সম্পদ রক্ষায় কোনো প্রকার অনিয়ম বরদাশত করা হবে না বলেও সাফ জানিয়ে দিয়েছে সংস্থাটি।
রিপোর্টারের নাম 
























