চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলায় এক মর্মান্তিক ঘটনার জন্ম দিয়েছেন এক পিতা। নিজের আট বছর বয়সী সন্তানকে অপহরণ করে মুক্তিপণ দাবির অভিযোগে আজিজুল (২৮) নামে ওই পিতাকে এবং তার সহযোগী আক্তার (২৬)কে পুলিশ আটক করেছে। এই ঘটনায় শিশু সিয়ামকে অপহৃত হওয়ার চার ঘণ্টার মধ্যে সুস্থ অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে সাতক্ষীরা জেলার কলারোয়া মোড়াকাটি গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে আজিজুল এবং জীবননগর দক্ষিণ পাড়ার মৃত আব্দুল মজিদের ছেলে আক্তার শিশুটিকে অপহরণ করে। এরপর তারা শিশুটিকে একটি নির্জন বাগানে বেঁধে গলায় ধারালো হাসুয়া ধরে তার মায়ের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। দাবিকৃত অর্থ না পেলে শিশুটিকে হত্যা করে লাশ গুম করার হুমকিও দেওয়া হয়।
ঘটনার সংবাদ পেয়ে চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার রুহুল কবীর খান তাৎক্ষণিকভাবে জীবননগর থানা পুলিশ ও ডিবি টিমকে শিশুটিকে উদ্ধারের জন্য নির্দেশনা দেন। পুলিশ সুপার সরাসরি অভিযানের তদারকি করেন এবং একটি বিশেষ দল শ্বাসরুদ্ধকর অভিযান পরিচালনা করে।
অভিযানের একপর্যায়ে, একই দিন রাত আনুমানিক সাড়ে ৯টায় জীবননগর থানাধীন পাকা দাসপাড়া এলাকায় অভিযান চালিয়ে শিশুর পিতা আজিজুল ও তার সহযোগী আক্তারকে গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে অপহৃত শিশুটিকে সুস্থ ও অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়। অভিযানের সময় তাদের কাছ থেকে মুক্তিপণের দাবির কাজে ব্যবহৃত ধারালো হাসুয়াটিও উদ্ধার করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, শিশুটির মা বর্তমানে প্রবাসে (ভারতে) অবস্থান করছেন। এই সুযোগকে কাজে লাগিয়ে শিশুটিকে অপহরণ করে জিম্মি করে তার গলায় ধারালো অস্ত্র ধরে ছবি তুলে মায়ের নিকট অর্থ আদায়ের উদ্দেশ্যে এই নৃশংস ও ঘৃণ্য কর্মকাণ্ড সংঘটিত হয়। এই ঘটনায় শিশুর পিতা ও তার সহযোগীর বিরুদ্ধে জীবননগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
রিপোর্টারের নাম 
























