কক্সবাজারের টেকনাফে সমুদ্রসৈকতে ভেসে এসেছে অজ্ঞাতপরিচয় এক নারী ও এক পুরুষের মরদেহ। বুধবার সকালে মিঠাপানির ছড়া মেরিনড্রাইভ সংলগ্ন সৈকত থেকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ লাশ দুটি উদ্ধার করে। স্থানীয়দের ধারণা, সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে কোনো নৌকাডুবির ঘটনায় এই প্রাণহানি ঘটেছে।
টেকনাফ মডেল থানা সূত্রে জানা যায়, বুধবার সকালের দিকে টেকনাফের মিঠাপানির ছড়া মেরিনড্রাইভের পাশে সমুদ্র সৈকতে দুটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে টেকনাফ মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এক নারী ও এক পুরুষের পচন ধরা মরদেহ উদ্ধার করে। তাৎক্ষণিকভাবে উদ্ধারকৃত মরদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত লাশ দুটির পরিচয় এখনো মেলেনি। প্রাথমিক ধারণা করা হচ্ছে, সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় কোনো দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়েছে। লাশ দুটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
রিপোর্টারের নাম 





















