খুলনা মহানগরীতে দুর্বৃত্তদের গুলিতে সোহেল ওরফে ‘চেগা সোহেল’ (২৮) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাত পৌনে ১২টার দিকে নগরীর মওলার বাড়ি খালপাড় বোর্ড ঘরের সামনে তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলেও, পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আহত সোহেলের বিরুদ্ধে থানায় একাধিক মামলা ও অভিযোগ রয়েছে এবং সে মাদক কারবারের সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে সোহেল মওলার বাড়ি খালপাড় বোর্ড ঘরের সামনে অবস্থান করছিলেন। আকস্মিকভাবে একদল দুষ্কৃতকারী তাকে ঘিরে ধরে এলোপাতাড়ি গুলি ছুড়তে শুরু করে। একটি গুলি সোহেলের কোমরের বাম পাশে বিদ্ধ হয়ে গুরুতর জখম করে। গুলির শব্দে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
খুলনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গুলিবিদ্ধ সোহেলের শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর ওই রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। ওসি কবির আরও বলেন, “আহত সোহেল ওই এলাকার শাহাদতের ছেলে। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা ও অভিযোগ রয়েছে। প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি যে, সে মাদক কারবারের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত।”
ঘটনার পর পরই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কে বা কারা এই হামলার সঙ্গে জড়িত, তা উদঘাটনে পুলিশ জোর তদন্ত শুরু করেছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান ওসি।
রিপোর্টারের নাম 





















