ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় এক্সপ্রেসওয়ে সড়কের পাশ থেকে আনুমানিক ৫৪ বছর বয়সী এক অজ্ঞাতনামা নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া এক্সপ্রেসওয়ে সড়কের গাবতলী এলাকায় এ ঘটনা ঘটে। মৃতদেহ উদ্ধারের পর এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে পথচারীরা এক্সপ্রেসওয়ে সড়কের পাশ দিয়ে যাতায়াত করার সময় রক্তাক্ত অবস্থায় মরদেহটি পড়ে থাকতে দেখেন। খবরটি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক জনতার ভিড় জমে যায়। মৃতদেহটি অপরিচিত হওয়ায় স্থানীয়রা তাৎক্ষণিকভাবে ভাঙ্গা থানা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল আলীম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, উদ্ধারকৃত নারীর বয়স আনুমানিক ৫৪ বছর। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে। পুলিশ পুরো ঘটনা তদন্ত করছে এবং দ্রুত মৃত নারীর পরিচয় ও মৃত্যুর রহস্য উদঘাটনের ব্যাপারে আশাবাদী।
রিপোর্টারের নাম 





















