চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী সরোয়ার বাবলার দুই ঘনিষ্ঠ সহযোগী বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ গুলিসহ গ্রেপ্তার হয়েছেন। গত ১৭ ফেব্রুয়ারি রাতে নগরীর বায়েজিদ লিংক রোডের একটি ভবনে অভিযান চালিয়ে র্যাব তাদের আটক করে। গ্রেপ্তারকৃতরা হলেন ইমতিয়াজ সুলতান ইকরাম, যিনি ‘রিচ কিডস’ নামে একটি কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দিতেন, এবং তার সহযোগী আবুল কালাম আজাদ। তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল ও ৫৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
র্যাব সূত্রে জানা গেছে, ১৭ ফেব্রুয়ারি রাতে বায়েজিদ লিংক রোডের একটি ভবনে অভিযান চালায় র্যাবের একটি দল। সেখান থেকে ইমতিয়াজ সুলতান ইকরাম প্রকাশ সুলতান ইকরাম (২৮) এবং তার সহযোগী আবুল কালাম আজাদকে (৬২) গ্রেপ্তার করা হয়। ইকরাম নগরের মুরাদপুরের মো. ইসহাক মিয়ার ছেলে এবং আজাদ নগরের পাঁচলাইশ থানাধীন বিবিরহাটের নুরুল ইসলামের ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাব জানতে পারে, ইমতিয়াজ সুলতান ইকরাম চট্টগ্রামের অপরাধ জগতের এক পরিচিত মুখ। সে শুধু নিহত শীর্ষ সন্ত্রাসী সরোয়ার বাবলারই নয়, সন্ত্রাসী ম্যাক্সন ও ফিরোজেরও ঘনিষ্ঠ সহযোগী। দীর্ঘ সময় ধরে মধ্যপ্রাচ্যে পলাতক থেকেও ইকরাম চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী, অক্সিজেন ও মুরাদপুর এলাকার বিভিন্ন ব্যবসায়ীর কাছে ইন্টারনেট কল এবং বিদেশি নম্বর ব্যবহার করে মোটা অঙ্কের চাঁদা দাবি করত। এছাড়াও, সে ‘রিচ কিডস’ নামে একটি আলোচিত কিশোর গ্যাং পরিচালনা করত এবং বিভিন্ন সময় পরিচয় গোপন করে বিদেশ থেকে বাংলাদেশে আসা-যাওয়া করত।
র্যাব আরও জানায়, আসামি আবুল কামাল আজাদ ছিল সন্ত্রাসী ইমতিয়াজ সুলতানের অপরাধ জগতের ঘনিষ্ঠ সহযোগী। সে ইকরামের চাঁদার টাকা উত্তোলনের কাজ করত এবং তার ব্যক্তিগত গাড়ি চালক হিসেবেও দায়িত্ব পালন করত। সন্ত্রাসী ইমতিয়াজ সুলতান ইকরামের বিরুদ্ধে চট্টগ্রাম জেলা এবং মহানগরীর বিভিন্ন থানায় অস্ত্র, হত্যা, হত্যাচেষ্টা, নাশকতা এবং চাঁদাবাজি সংক্রান্তে একাধিক মামলা রয়েছে।
রিপোর্টারের নাম 





















