প্রাইম ব্যাংক–এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হাসান ও. রশিদ পদত্যাগ করেছেন। গত ১০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়। শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান হিসেবে নিয়ম অনুযায়ী রবিবার (১৫ ফেব্রুয়ারি) বিষয়টি বিনিয়োগকারীদের জানানো হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)–এর ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, বাংলাদেশ ব্যাংকের অনুমোদন সাপেক্ষে আগামী ৩১ মার্চ থেকে তার পদত্যাগ কার্যকর হবে। একই সঙ্গে ১ এপ্রিল থেকে ব্যাংকটির বর্তমান অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) ফয়সাল রহমানকে ভারপ্রাপ্ত সিইও হিসেবে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
ব্যাংক–সংশ্লিষ্ট সূত্র জানায়, হাসান ও. রশিদকে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইস্টার্ন ব্যাংক। ব্যাংকটির বর্তমান এমডি আলী রেজা ইফতেখারের মেয়াদ আগামী ১৯ এপ্রিল শেষ হচ্ছে। ২০০৭ সাল থেকে তিনি প্রতিষ্ঠানটির নেতৃত্ব দিয়ে আসছেন। বয়সজনিত কারণে মেয়াদ শেষে তার স্থলাভিষিক্ত হবেন হাসান ও. রশিদ।
এ বিষয়ে যোগাযোগ করা হলে হাসান ও. রশিদ জানান, বেসরকারি অন্য একটি ব্যাংকে যোগদানের প্রস্তাব পাওয়ায় তিনি প্রাইম ব্যাংকের সিইও পদ থেকে সরে দাঁড়িয়েছেন। কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন পেলে এপ্রিলেই নতুন দায়িত্ব গ্রহণ করবেন।
১৯৯৫ সালে যাত্রা শুরু করা প্রাইম ব্যাংক ২০০০ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। ডিএসইতে ‘এ’ শ্রেণিভুক্ত এই ব্যাংকটি বর্তমানে খাতের অন্যতম শীর্ষ অবস্থানে রয়েছে। গত বছরের প্রথম নয় মাসে (জানুয়ারি–সেপ্টেম্বর) ব্যাংকটির মুনাফা হয়েছে ৬২৯ কোটি টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ৪৯৫ কোটি টাকা। এক বছরের ব্যবধানে ব্যাংকটির মুনাফা বেড়েছে প্রায় ২৭ শতাংশ। বর্তমানে শেয়ারবাজারে ব্যাংকটির প্রতিটি শেয়ারের দাম প্রায় ৩৫ টাকা ৫০ পয়সা।
রিপোর্টারের নাম 

























