ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ঐতিহাসিক ও নিরঙ্কুশ বিজয়ে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। এই বিজয়কে দেশের গণতান্ত্রিক ইতিহাসে এক অবিস্মরণীয় মাইলফলক হিসেবে আখ্যায়িত করেছে সংগঠনটি।
শনিবার বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খানের স্বাক্ষরিত এক অভিনন্দন বার্তায় বলা হয়, তারেক রহমানের দূরদর্শী ও বলিষ্ঠ নেতৃত্বে বিএনপি দুই-তৃতীয়াংশের অধিক আসনে যে অভূতপূর্ব বিজয় অর্জন করেছে, তা আপামর জনতার গণরায়েরই প্রতিফলন। বিজিএমইএ দৃঢ়ভাবে বিশ্বাস করে, তারেক রহমানের গতিশীল নেতৃত্ব বাংলাদেশকে বিশ্বমঞ্চে একটি সম্মানজনক ও শক্তিশালী অর্থনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং একটি সমৃদ্ধ, বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে কার্যকর হবে।
পোশাক শিল্প বর্তমানে এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে রয়েছে উল্লেখ করে বিজিএমইএ জানায়, এলডিসি উত্তরণ-পরবর্তী বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা, শিল্পে নিরবচ্ছিন্ন জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং বিশ্ববাজারে বাংলাদেশের অবস্থান আরও সুসংহত করতে নতুন সরকারের দূরদর্শী নীতিগত সহায়তা ও ব্যবসা-বান্ধব দৃষ্টিভঙ্গি অত্যন্ত জরুরি।
অভিনন্দন বার্তায় ২০৩০ সালের মধ্যে পোশাক রপ্তানি ১০০ বিলিয়ন ডলারে উন্নীত করার জাতীয় লক্ষ্য অর্জনে সরকারের পূর্ণ সহযোগিতা প্রত্যাশা করা হয়েছে। একইসঙ্গে ‘মেইড ইন বাংলাদেশ’ ব্র্যান্ডকে বিশ্ববাজারে শ্রেষ্ঠত্বের প্রতীক হিসেবে প্রতিষ্ঠা করার আশাবাদও ব্যক্ত করে বিজিএমইএ।
সংগঠনটি আরও আশা প্রকাশ করে যে, বিজিএমইএ পরিবারের যেসব সদস্য বিপুল জনসমর্থন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, জাতীয় সংসদে তাদের সক্রিয় ভূমিকা পোশাক শিল্পের সংকট নিরসন ও সামগ্রিক অর্থনীতিকে আরও শক্তিশালী করতে সহায়ক হবে।
বার্তার শেষাংশে তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশ পরিচালনায় তার সকল উদ্যোগের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করা হয়।
রিপোর্টারের নাম 

























