ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে টানা চার দিনের ছুটিতে উত্তরবঙ্গসহ আশপাশের অন্তত ২৩ জেলার মানুষ গ্রামের পথে ছুটছেন। এর প্রভাবে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘণ্টায় (সোমবার রাত ১২টা থেকে মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত) যমুনা সেতু দিয়ে পারাপার হয়েছে ৩৬ হাজার ৯২৩টি যানবাহন, যা থেকে টোল আদায় হয়েছে ২ কোটি ৯৪ লাখ ৭১ হাজার ৬৫০ টাকা।
যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বুধবার দুপুরে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, টানা ভোটের ছুটি শুরু হওয়ায় মঙ্গলবার রাত থেকেই মহাসড়কে যানবাহনের চাপ বাড়তে থাকে। বুধবার সকালে যানবাহনের অতিরিক্ত চাপের কারণে মহাসড়কে কিছুটা যানজটের সৃষ্টি হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। বর্তমানে মহাসড়কে যানবাহন স্বাভাবিক গতিতেই চলাচল করছে।
সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, উল্লেখিত ২৪ ঘণ্টার মধ্যে উত্তরবঙ্গগামী লেনে ২৩ হাজার ৯৮৯টি যানবাহন পারাপার হয়েছে। এই লেনে টোল আদায় হয়েছে ১ কোটি ৭৪ লাখ ৯৪ হাজার ৯০০ টাকা। অন্যদিকে, ঢাকাগামী লেনে ১২ হাজার ৯৩৪টি যানবাহন পারাপার হয়েছে, যার বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ১৯ লাখ ৭৬ হাজার ৭৫০ টাকা। সব মিলিয়ে মোট ৩৬ হাজার ৯২৩টি যানবাহন পারাপার এবং ২ কোটি ৯৪ লাখ ৭১ হাজার ৬৫০ টাকা টোল আদায় হয়েছে।
রিপোর্টারের নাম 

























