ঋণ নিয়ে ৮৫৭ কোটি ও ৬১৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে হওয়া দুটি মামলায় এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান এবং নাসা গ্রুপের মালিক নজরুল ইসলাম মজুমদারকে দুদিন জেলগেটে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের ভিত্তিতে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ এই নির্দেশ দেন।
দুদকের ঢাকা-১-এর সমন্বিত জেলা কার্যালয়ের দায়ের করা মামলায় নজরুল ইসলাম বর্তমানে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে আছেন।
৮৫৭ কোটি টাকার মামলার জিজ্ঞাসাবাদ সংক্রান্ত আবেদনে বলা হয়েছে, অভিযুক্ত ব্যক্তিরা নিজেদের মধ্যে যোগসাজশ করে, ক্ষমতার অপব্যবহার করে, অপরাধমূলক অসদাচরণ ও বিশ্বাসভঙ্গের মাধ্যমে অবৈধভাবে ঋণ অনুমোদনের সুপারিশ করেন। এরপর সেই ঋণ অনুমোদন ও বিতরণ করে এবং পরে নিজেরা সেই ঋণ গ্রহণ করে এক্সিম ব্যাংকের ৮৫৭ কোটি ৯৩ লাখ ৭৩ হাজার ৭৪৯ টাকা আত্মসাৎ করেছেন।
এই আত্মসাৎ করা টাকার অবৈধ প্রকৃতি, উৎস, অবস্থান ও মালিকানা লুকাতে বা আড়াল করতে বিভিন্ন অ্যাকাউন্টে টাকা স্থানান্তর ও রূপান্তরের অভিযোগে নজরুল ইসলাম মজুমদারসহ মোট ২১ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে।
অন্য একটি আবেদনে বলা হয়েছে, নজরুল ইসলাম মজুমদারসহ মোট ৩০ জন অভিযুক্তের বিরুদ্ধে অসৎ উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহার, অসদাচরণ এবং বিশ্বাসভঙ্গ করে অবৈধভাবে ঋণ দেওয়ার অভিযোগ আছে। তারা এক্সিম ব্যাংক থেকে ৬১৫ কোটি ৭৫ লাখ ৫০ হাজার টাকা আত্মসাৎ করেছেন।
এই আত্মসাৎ করা অর্থের অবৈধ প্রকৃতি, উৎস, অবস্থান ও মালিকানা গোপন বা ছদ্মবেশে আড়াল করার জন্য বিভিন্ন অ্যাকাউন্টে টাকা স্থানান্তর ও রূপান্তর, এবং হস্তান্তর করার অভিযোগে মামলাটি রুজু করা হয়েছে। এই মামলাটিও বর্তমানে তদন্তের অধীনে রয়েছে।
গত ১ অক্টোবর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ রাজধানীর গুলশান এলাকা থেকে নজরুল ইসলাম মজুমদারকে গ্রেপ্তার করে।
রিপোর্টারের নাম 























