দেশের শীর্ষস্থানীয় ফ্যাশন ব্র্যান্ড ‘মাইক্লো’ তাদের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে জনপ্রিয় সংগীতশিল্পী ও সুরকার হাবিব ওয়াহিদকে ঘোষণা করেছে। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) রাজধানীর একটি পাঁচতারা হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। এই অংশীদারিত্বের মধ্য দিয়ে মাইক্লো তাদের ফ্যাশন ও লাইফস্টাইল পণ্যকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে চায়।
অনুষ্ঠানে মাইক্লো বাংলাদেশের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হাবিব ওয়াহিদ ছাড়াও উপস্থিত ছিলেন মাইক্লো বাংলাদেশ লিমিটেডের পরিচালক এএইচএম আরিফুল কবির এবং হেড অব মার্কেটিং ইয়াসির সাবাবসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সংবাদ সম্মেলনে হাবিব ওয়াহিদ তাঁর অনুভূতি ব্যক্ত করে বলেন, “মাইক্লো যখন আমাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে প্রস্তাব দেয়, তখনই আমার মনে হয়েছে এটি আমার ব্যক্তিত্ব ও স্টাইলের সঙ্গে দারুণভাবে মানানসই। মাইক্লো যে ক্যাজুয়াল ও আরামদায়ক পোশাকের ওপর গুরুত্ব দেয়, তা আমি নিজেও দৈনন্দিন জীবনে পছন্দ করি। আমি আশা করি আমার ভক্তরাও এই নতুন পথচলাকে উপভোগ করবেন।”
মাইক্লো বাংলাদেশ লিমিটেডের পরিচালক এএইচএম আরিফুল কবির এই অংশীদারিত্ব নিয়ে বলেন, “মাইক্লো সবসময় গুণগত মান, আরামদায়ক অভিজ্ঞতা এবং আধুনিক ফ্যাশন ট্রেন্ডের ওপর জোর দিয়ে আসছে। হাবিব ওয়াহিদের সৃজনশীলতা, তাঁর স্বতন্ত্র ব্যক্তিত্ব এবং তরুণ প্রজন্মের সঙ্গে তাঁর গভীর সংযোগ আমাদের ব্র্যান্ড দর্শনের সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ।” তিনি আরও জানান, চলতি বছর থেকেই মাইক্লো বাজারে নতুন নতুন ডিজাইন ও কার্যকরী পণ্য নিয়ে আসছে। গ্রাহকদের চাহিদা ও সন্তুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রতিষ্ঠানটি কাজ করছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।
মাইক্লোর হেড অব মার্কেটিং ইয়াসির সাবাব এই প্রসঙ্গে বলেন, “হাবিব ওয়াহিদ তাঁর স্বকীয়তা এবং সহজ স্টাইলের জন্য পরিচিত, যা মাইক্লোর মূল ব্র্যান্ড মূল্যবোধকেই তুলে ধরে। এই অংশীদারিত্ব মাইক্লোর জন্য একটি নতুন এবং রোমাঞ্চকর অধ্যায়ের সূচনা করবে।”
সংবাদ সম্মেলনে জানানো হয়, হাবিব ওয়াহিদের সঙ্গে এই সহযোগিতা মাইক্লো ব্র্যান্ডে নতুন উদ্দীপনা ও সৃজনশীলতা যোগ করবে। একই সঙ্গে এই অংশীদারিত্বের মাধ্যমে মাইক্লো নিজেদেরকে আরামদায়ক, সহজ ও দৈনন্দিন পোশাকের একটি আধুনিক লাইফস্টাইল ব্র্যান্ড হিসেবে আরও সুদৃঢ় করতে চায়।
রিপোর্টারের নাম 

























