রাজধানীর গুলশানের কালাচাঁদপুর এলাকায় একটি ভাড়া বাসা থেকে সাদিয়া রহমান মিম (২৭) নামের এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নারী পেশায় একজন নৃত্যশিল্পী ছিলেন এবং পাশাপাশি তার একটি বিউটি পার্লারের ব্যবসা ছিল। শনিবার দিবাগত রাতে পুলিশ তার মরদেহটি উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কালাচাঁদপুর পশ্চিম পাড়ার একটি বাসায় একা থাকতেন সাদিয়া। গত শুক্রবার দুপুরে বড় বোনের সঙ্গে শেষবার কথা হয়েছিল তার। এরপর থেকে সাদিয়ার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যাচ্ছিল। দীর্ঘক্ষণ যোগাযোগ করতে না পেরে শনিবার রাতে ওই বাসায় যান সাদিয়ার বড় বোন। সেখানে গিয়ে ঘরের দরজায় তালা ঝুলতে দেখে তিনি তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন এবং মেঝেতে বোনের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সাদিয়ার শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে এবং তাকে অত্যন্ত নৃশংসভাবে গলা কেটে হত্যা করা হয়েছে। ধারণা করা হচ্ছে, শুক্রবার দুপুর থেকে শনিবার রাতের কোনো এক সময়ের মধ্যে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, সাদিয়ার এর আগে দুবার বিয়ে হয়েছিল এবং তার প্রথম সংসারে পাঁচ বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। তবে বর্তমানে তিনি কোনো স্বামীর সঙ্গেই সংসার করছিলেন না।
গুলশান থানা পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ এবং হত্যাকাণ্ডের আগে কোনো পাশবিক নির্যাতন চালানো হয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে। এই ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য নুসরাত নামের একজনকে থানায় নেওয়া হয়েছে। তদন্ত ও জিজ্ঞাসাবাদ শেষে এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
রিপোর্টারের নাম 















