বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানিয়েছেন যে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে শনিবার আগুন লাগার সঙ্গে সঙ্গেই বিমানবন্দরের নিজস্ব ফায়ার ইউনিট মাত্র ৩০ সেকেন্ডের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায়।
রবিবার (১৯ অক্টোবর) দুপুরে শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজ পরিদর্শনের সময় তিনি এই তথ্য জানান।
বিমান উপদেষ্টা বলেন, বিমানবন্দর একটি ‘কি পয়েন্ট ইনস্টলেশন (কেপিআই)’ এলাকা। এখানে নিজস্ব অগ্নিনির্বাপণের ব্যবস্থা আছে। আগুন লাগার ত্রিশ সেকেন্ডের মধ্যেই আমাদের নিজস্ব অগ্নিনির্বাপণ সংস্থা ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিল। তবে আগুন এত তীব্র ছিল যে, “আগুন যে লেলিহান শিখা এবং ধূম্রজাল সৃষ্টি করেছিল, তার ভেতর দিয়ে ঘটনাস্থলে পৌঁছার মতো অবস্থা ছিল না।” তা সত্ত্বেও, যত ধরনের অভিযোগ এসেছে, তা আমলে নিয়ে আজকের আন্তঃমন্ত্রণালয়ের সভায় বিশ্লেষণ করা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উপদেষ্টা বশিরউদ্দীন আরও বলেন, আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় দায়িত্ব অবহেলা নিয়ে অনেক অভিযোগ আসছে। তদন্তের ক্ষেত্রে নাশকতাসহ আমরা কোনো অভিযোগকেই উড়িয়ে দেব না, সব অভিযোগ আমলে নেওয়া হবে। এজন্য আজ একটি আন্তঃমন্ত্রণালয়ের সভা ডাকা হয়েছে। সেই সভায় সব অভিযোগ বিশ্লেষণ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
তিনি জানান, একটি ‘ক্যাটালগিং কমিটি’ গঠন করা হয়েছে, যারা আগুনের পূর্ববর্তী ও বর্তমান অবস্থাসহ পুরো ঘটনার ক্যাটালগিং করবে। এরপর গোয়েন্দা সংস্থা ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করে এই ঘটনার রহস্য উদ্ঘাটনের চেষ্টা করা হবে।
উপদেষ্টা আরও বলেন, আমরা সপ্তাহে সাত দিন ২৪ ঘণ্টা কাজ করব, যেন পণ্য সরবরাহে কোনো রকম জটিলতা না হয়। যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের ইনস্যুরেন্স কভারেজে কী আছে এবং বিমানবন্দরের ইনস্যুরেন্স কভারেজে কী আছে—এই সবকিছু আমলে এনে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করব।
রিপোর্টারের নাম 




















