বাংলাদেশের পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং উপকূলীয় লবণাক্ত অঞ্চলের মানুষের জন্য সুপেয় পানির নিশ্চয়তা দিতে সৌদি সরকারের কাছে সহযোগিতা চেয়েছেন। তিনি বিশেষ করে বৃষ্টির পানি সংরক্ষণের (রেইন ওয়াটার হার্ভেস্টিং) একটি প্রকল্পের মাধ্যমে এই সহযোগিতা চেয়েছেন।
রবিবার (১৯ অক্টোবর) সচিবালয়ে নিজের দপ্তরে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জায়াফের এইচ. বিন আবিয়াহ’র সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় তিনি এই অনুরোধ জানান।
সাক্ষাৎকালে পরিবেশ উপদেষ্টা বলেন যে, জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশ বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে অন্যতম। এই চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা খুবই গুরুত্বপূর্ণ।
এ সময় সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জায়াফের এইচ. বিন আবিয়াহ আসন্ন ইসলামিক কনফারেন্সের পঞ্চম অধিবেশনে যোগ দেওয়ার জন্য পরিবেশ উপদেষ্টাকে আমন্ত্রণ জানান। একই সঙ্গে তিনি বাংলাদেশের পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু সহনশীলতা বাড়াতে সৌদি সরকারের সহযোগিতা এবং দুই দেশের পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করার উপর গুরুত্বারোপ করেন।
রাষ্ট্রদূত এই সাক্ষাতে পরিবেশবান্ধব প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি এবং পানি ব্যবস্থাপনা খাতে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে যৌথ উদ্যোগের সম্ভাবনা নিয়েও আলোচনা করেন।
পরে পরিবেশ উপদেষ্টা সচিবালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত বাংলাদেশ রাবার বোর্ডের উন্নয়ন ও সার্বিক কার্যক্রম পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন। সেখানে তিনি রাবার শিল্পের টেকসই উন্নয়নের জন্য পরিবেশবান্ধব পদ্ধতি অনুসরণ করার ওপর জোর দেন।
এসময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ এবং অতিরিক্ত সচিব (প্রশাসন) মো. খায়রুল হাসানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 






















