দিনাজপুরের পার্বতীপুরে রেললাইনে দুর্বৃত্তদের দেওয়া আগুন দেখে তাৎক্ষণিকভাবে ট্রেন থামিয়ে দিয়েছেন চালক। এতে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের যাত্রীরা এবং সুরক্ষিত রয়েছে রেলওয়ের মূল্যবান সম্পদ।
শনিবার (২৮ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে পার্বতীপুর উপজেলার ভবানীপুর রেলওয়ে স্টেশনের আউটার সিগন্যালের সামনে এ ঘটনা ঘটে। পার্বতীপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ-উন-নবী বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে সূত্রে জানা যায়, শনিবার রাতে দুর্বৃত্তরা ভবানীপুর রেলওয়ে স্টেশনের আউটার সিগন্যালের সামনে রেললাইনে আগুন জ্বালিয়ে পালিয়ে যায়। এ সময় ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি ওই এলাকা অতিক্রম করার সময় লাইনে আগুন দেখতে পান চালক। তাৎক্ষণিকভাবে ট্রেনের গতি কমিয়ে ট্রেনটি থামিয়ে দেন তিনি। ফলে বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় ট্রেনটি।
ঘটনার পর নিরাপত্তার স্বার্থে ট্রেনটি সেখানে কিছুক্ষণ থামিয়ে রাখা হয়। খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে জড়ো হন। পরে পুলিশ ও রেলওয়ে কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করে। প্রায় ৩০ মিনিট বিলম্বে ট্রেনটি পুনরায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।
পার্বতীপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ-উন-নবী জানান, ভবানীপুর স্টেশনের আউটার সিগন্যালের সামনে রেললাইনে আগুন দেওয়ার ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।



















