বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় শরণার্থীদের দুর্দশা বিশ্ববাসীর সামনে তুলে ধরতে অসামান্য ভূমিকা রেখেছিলেন ব্রিটিশ সংগীতশিল্পী ও বিটলস তারকা জর্জ হ্যারিসন। সংগীতকে মানবতার পক্ষে ব্যবহারের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিলেন তিনি। বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াতে ১৯৭১ সালের ১ আগস্ট যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে আয়োজন করেন ঐতিহাসিক ‘দ্য কনসার্ট ফর বাংলাদেশ’ নামের কনসার্ট।
তখন পাকিস্তানি বাহিনীর গণহত্যা থেকে বাঁচতে লাখ লাখ মানুষ ভারতে আশ্রয় নিয়েছিলেন। তাঁদের দুর্দশা বিশ্ববাসীর নজরে আনতে এবং মানবিক সহায়তা সংগ্রহ করতেই এই কনসার্টের আয়োজন করা হয়।
জর্জ হ্যারিসনের বাংলাদেশের মানুষের পাশে দাঁড়ানোর পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ভারতীয় শাস্ত্রীয় সংগীতের কিংবদন্তি পণ্ডিত রবিশঙ্করের। ভারতীয় সংগীতের প্রতি গভীর অনুরাগ থেকে তাঁদের মধ্যে বন্ধুত্ব গড়ে উঠেছিল। ১৯৭১ সালের জুনে রবিশঙ্কর বাংলাদেশের শরণার্থীদের পরিস্থিতি হ্যারিসনকে জানান এবং তাঁদের সহায়তায় একটি কনসার্ট আয়োজনের প্রস্তাব দেন। বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত বাংলাদেশের পরিস্থিতির খবরও তাঁকে পাঠান। সেসব পড়ে পরিস্থিতির ভয়াবহতা উপলব্ধি করেন হ্যারিসন।
এরপর তিনি কনসার্ট আয়োজনের উদ্যোগ নেন। এতে অংশ নেন রিঙ্গো স্টার, বিলি প্রেস্টন, লিওন রাসেল, বব ডিলান ও এরিক ক্ল্যাপটনের মতো বিশ্বখ্যাত সংগীতশিল্পীরা। বিটলস ভেঙে যাওয়ার পর সহশিল্পীদের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন থাকলেও বাংলাদেশের মানুষের স্বার্থে তাঁদের সঙ্গে যোগাযোগ করেন হ্যারিসন।
কনসার্টের আগেই বাংলাদেশের জন্য ‘বাংলাদেশ’ শিরোনামে একটি গান লেখেন তিনি। ১৯৭১ সালের জুলাইয়ে প্রকাশিত গানটিতে বাংলাদেশের বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে বিশ্ববাসীর প্রতি আহ্বান জানান।
১৯৪৩ সালের ২৫ ফেব্রুয়ারি জন্ম নেওয়া জর্জ হ্যারিসন ২০০১ সালের ২৯ নভেম্বর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ক্যানসারে আক্রান্ত হয়ে ৫৮ বছর বয়সে মারা যান। তাঁর মৃত্যুবার্ষিকীতে বিশ্বসংগীতের কিংবদন্তি এই শিল্পীকে স্মরণ করার পাশাপাশি বাংলাদেশও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তাঁর এই মানবিক অবদান।

























