রংপুরে ইজতেমা থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আফিক হাসান অভি (২২) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) দুপুর ১টার দিকে নগরীর দর্শনা চৌরাস্তার মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত অভি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী ছিলেন। তিনি পীরগাছা উপজেলার পবিত্রঝাড় এলাকার ফজলুল হকের ছেলে। এই তথ্য নিশ্চিত করেছেন তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে নগরীর দর্শনা এলাকায় ইজতেমার আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়। সেখানে অংশ নেওয়ার পর মোটরসাইকেলে করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের দিকে যাচ্ছিলেন অভি।
পথিমধ্যে দর্শনা চৌরাস্তার মোড় এলাকায় মহাসড়কের ওপর অভি মোটরসাইকেল নিয়ে উঠলে বাস টার্মিনালগামী একটি কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো ট-১৪-১৮৬২) পেছন থেকে মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অভি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের চাচা আইয়ুব হোসেন বাদী হয়ে তাজহাট থানায় একটি মামলা দায়ের করেছেন।
তাজহাট থানার ওসি রফিকুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় নিহতের মরদেহ আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।


























