উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে শীত জেঁকে বসতে শুরু করেছে। ভোরবেলার হালকা কুয়াশা আর রাতভর হিমেল হাওয়া শীতের তীব্রতার বার্তা নিয়ে আসছে হিমালয়কন্যাখ্যাত এই জনপদে।
শনিবার (২৮ নভেম্বর) সকাল ৬টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩.১ ডিগ্রি সেলসিয়াস। সকালের দিকে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৯৯ শতাংশ, যার ফলে ভোর থেকেই জেলার বিভিন্ন এলাকা কুয়াশার চাদরে ঢাকা পড়ে যায়।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা গেছে, এর আগে শুক্রবার (২৭ নভেম্বর) দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ, দিনে প্রখর রোদ ও গরম অনুভূত হলেও সন্ধ্যা নামার পর থেকেই তাপমাত্রা দ্রুত কমতে শুরু করে। দিন ও রাতের তাপমাত্রার এই বড় ব্যবধানের কারণে ভোররাতে বেশ ভালোই ঠান্ডা অনুভূত হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, দিনের বেলা রোদের তাপে বেশ গরম অনুভূত হয়, যার ফলে সহজে বোঝাই যায় না যে শীত পড়েছে। কিন্তু রাত বাড়ার সঙ্গে সঙ্গে প্রচণ্ড ঠান্ডা পড়তে শুরু করে। বিশেষ করে ফজরের সময় ঘর থেকে বের হলে শীতের তীব্রতা বেশ টের পাওয়া যায়।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, ‘বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় ভোরের দিকে কুয়াশার ঘনত্ব আরও বাড়তে পারে। আগামী কয়েক দিনে রাতের তাপমাত্রা আরও কিছুটা কমে শীতের প্রকোপ বাড়ার সম্ভাবনা রয়েছে।’























