দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা, জননিরাপত্তা জোরদার এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে রাজধানী ঢাকাসহ সাতটি গুরুত্বপূর্ণ জেলায় মোট ১২০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।
শনিবার বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করা হয়। এতে জানানো হয়, গোপালগঞ্জে সর্বোচ্চ ৫৬ প্লাটুন, গাজীপুরে ১৯ প্লাটুন, ঢাকার সাভার ও আশুলিয়ায় ১৭ প্লাটুন, চট্টগ্রামে ৮ প্লাটুন, নারায়ণগঞ্জে ৭ প্লাটুন, কক্সবাজারে ৭ প্লাটুন এবং ময়মনসিংহের ভালুকায় ২ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। এছাড়া যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় অতিরিক্ত ৪ প্লাটুন সদস্যকে প্রস্তুত রাখা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী মোতায়েনকৃত বিজিবি সদস্যরা স্থানীয় জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় রেখে স্পর্শকাতর এলাকা ও শিল্পাঞ্চলের নিরাপত্তা তদারকি করছেন। বিশৃঙ্খলা ও জনজীবনের ঝুঁকি এড়াতে মাঠপর্যায়ে কঠোর নজরদারি চালানো হচ্ছে।
পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণের সুবিধার্থে বিজিবি সদর দপ্তরের সেন্ট্রাল মনিটরিং সেল থেকে ড্রোন ও বডি-ওর্ন ক্যামেরার লাইভ ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। সীমান্তে নিয়মিত পাহারার পাশাপাশি দেশের অভ্যন্তরীণ শান্তি বজায় রাখতে পেশাদারিত্বের সঙ্গে বিজিবি দায়িত্ব পালন করছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।






















