রাজধানীর পল্লবী থানায় বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় মোহনা টেলিভিশনের সাবেক সিইও তছলিম চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মঞ্জুরুল ইসলামের আদালত এ আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) মো. লিয়াকত হোসেন তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেছিলেন।
আবেদনে বলা হয়, তছলিম চৌধুরী মোহনা টেলিভিশনের সাবেক সিইও এবং সাবেক এমপি কামাল মজুমদারের একমাত্র সহচর ও তার ক্যাশিয়ার হিসেবে পরিচিত। তিনি বর্তমানে গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনে উসকানি ও অর্থ জোগানদাতা এবং বিভিন্ন কার্যক্রমে মদদদাতা ও অর্থ জোগানদাতা হিসেবে ভূমিকা পালন করছেন।
আরও বলা হয়, মামলার ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদে তছলিম চৌধুরী গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, যা যাচাই-বাছাই করা হচ্ছে। আসামি জামিনে মুক্তি পেলে পলাতক হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত ১ নভেম্বর বেলা সাড়ে ১২টার দিকে মিরপুর-১১ মেট্রো স্টেশনের নিচে অজ্ঞাতনামা নেতাকর্মীদের উসকানি ও নির্দেশনায় আড়াই থেকে তিন হাজার দুষ্কৃতকারী লাঠিসোঁটা, কাঠের রোল, লোহার রড, পাইপ, ককটেল ও পেট্রোলের বোতলসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়।
এ সময় পুলিশের সরকারি পিকআপ গাড়িটিতে আগুন ধরিয়ে ক্ষতি সাধন করে এবং ইটপাটকেল মেরে এসি (পল্লবী জোন) ও তার সঙ্গীয় ফোর্সদের জখম করে।
ওই ঘটনায় পরদিন বিস্ফোরক দ্রব্য আইন এবং দণ্ডবিধির পৃথক ধারায় পল্লবী থানায় মামলাটি দায়ের করে পুলিশ।























