পাইপলাইনের ওপর অবৈধ পাইলিংয়ের ফলে ঢাকার একটি অংশে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। তবে মেরামত কাজ শেষে দ্রুততম সময়ে আবারও সংশ্লিষ্ট এলাকায় গ্যাস সরবরাহ চালু করা হবে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি।
এতে বলা হয়, ঢাকার কালিবাড়ী রোড, চুনকুটিয়া ও কেরাণীগঞ্জ এলাকায় পিএসআইজি গ্যাস পাইপলাইনের ওপর অবৈধ পাইলিংয়ের ফলে সৃষ্ট লিকেজের প্রেক্ষিতে চলমান মেরামত কাজের জন্য দক্ষিণ কেরাণীগঞ্জ, জিনজিরা, চুনকুটিয়া, কালিগঞ্জ, বেগুনবাড়ী, খোলামোড়া ও তৎসংলগ্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। মেরামত কাজ শেষে যথাশিগগির উল্লিখিত এলাকায় গ্যাস সরবরাহ চালু করা হবে।
সাময়িক এ অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
























