ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিনকে (২৪) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ডিএমপির ওয়ারী গোয়েন্দা বিভাগের একটি আভিযানিক দল রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। ডিবি সূত্রে এ তথ্য জানা গেছে।
মুনতারিন ফেরদৌস ডরিন ২০২৪ সালের মে মাসে ভারতে গিয়ে তার বাবা সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের নিখোঁজ ও হত্যাকাণ্ডের ঘটনার পর থেকে আলোচনায় ছিলেন। বাবার হত্যাকাণ্ডের বিচার চেয়ে বিভিন্ন সময় গণমাধ্যমে সরব ছিলেন তিনি।
ডিবি সূত্র জানিয়েছে, ডরিনের স্থায়ী ঠিকানা ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে এবং বর্তমান ঠিকানা মোহাম্মদপুরের লালমাটিয়া। তবে তাকে ঠিক কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
























