ময়মনসিংহের গৌরীপুরে মদিনা ব্রিকস ইটভাটায় অভিযান চালিয়ে চিমনি ও কিলন ভেঙে গুঁড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে অবৈধভাবে পরিচালিত আরও তিনটি ইটভাটায় অভিযান চালিয়ে মোট ৫ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে গৌরীপুর উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শানিরুল ইসলাম শাওন।
জানা গেছে, গৌরীপুর উপজেলার বোকাইনগর ইউনিয়নের দারিয়াপুর গ্রামে অবৈধভাবে প্রতিষ্ঠিত মদিনা ব্রিকসে অভিযান চালিয়ে ভাটার চিমনি ও কিলন গুঁড়িয়ে দিয়ে তা সম্পূর্ণ উচ্ছেদ করা হয়। এছাড়া রামগোপালপুর ইউনিয়নের গুজিখা গ্রামের একতা ব্রিকসকে ১ লাখ ২০ হাজার টাকা, বিসমিল্লাহ ব্রিকসকে ১ লাখ টাকা এবং ডৌহাখলা ইউনিয়নের মামদিপুর এলাকার ইকো ব্রিকসকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাজিয়া উদ্দিন। অভিযানে পরিবেশ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা এবং পুলিশ ও আনসার সদস্যরা অংশ নেন। পরিবেশের ভারসাম্য রক্ষা ও বায়ুদূষণ রোধে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর।




















