বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালার কাজ দ্রুত সম্পন্ন করার সুপারিশ করেছে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। সম্প্রতি কমিটির বৈঠক শেষে এ সংক্রান্ত একটি সুপারিশ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে পাঠানো হয়েছে।
কমিটির রেজ্যুলেশন সূত্রে জানা গেছে, বৈঠকে কমিটির সভাপতি ও কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া শিক্ষকদের বদলির বিষয়টি তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, অনেক নারী শিক্ষক নিজ জেলা থেকে দূরবর্তী স্থানে কর্মরত থাকায় নানা পারিবারিক সমস্যায় পড়ছেন। চাকরির কারণে অনেক নারী শিক্ষকের সংসার ভেঙেছে, অনেকে বিবাহবিচ্ছেদের শিকার হয়েছেন এবং কেউ কেউ চাকরি ছাড়তে বাধ্য হয়েছেন। এসব মানবিক দিক বিবেচনা করে জরুরি ভিত্তিতে নারী শিক্ষকদের জন্য সহায়ক বদলি নীতি প্রণয়নের জোর দাবি জানান তিনি।
বৈঠকে বিষয়ে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মতামত জানতে চাওয়া হলে সংস্থাটির চেয়ারম্যান আলিফ রুদাবা জানান, শিক্ষকদের বদলি সংক্রান্ত বিষয়গুলো এনটিআরসিএর এখতিয়ারভুক্ত নয়। এটি মূলত মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) পরিচালনা করে থাকে।
এ বিষয়ে মাউশির মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল জানান, শিক্ষকদের বদলির জন্য মন্ত্রণালয়ে একটি নীতিমালা প্রণয়নের কাজ চলছে। মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদন মিললে তৈরি করা বিশেষ সফটওয়্যারের মাধ্যমে এই বদলি কার্যক্রম চালু করা সম্ভব হবে।






















