আগামী ২৯ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত টানা তিনদিন রাজনৈতিক দলগুলোর সঙ্গে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে মতবিনিময় করবে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (২৪ নভেম্বর) নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
ইসির সিনিয়র সচিব জানান, নির্ধারিত তিন দিনে মোট ৫৫টি নিবন্ধিত ও নতুন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা অনুষ্ঠিত হবে। সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় যেসব দলের সঙ্গে আলোচনা হয়েছিল, তাদের পাশাপাশি নতুন চারটি রাজনৈতিক দলকেও এই মতবিনিময় সভায় আমন্ত্রণ জানানো হচ্ছে।
নির্বাচন কমিশনের ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, পাঁচ ধাপে সারাদেশের ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে ১ হাজার ৪২টি, দ্বিতীয় ধাপে ১ হাজার ৬৯টি, তৃতীয় ধাপে ১ হাজার ২৪টি, চতুর্থ ধাপে ৮১৩টি এবং পঞ্চম ধাপে ৩৮৪টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ হবে।
তফসিল ও পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২১ জানুয়ারি। এছাড়া দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে ভোটগ্রহণ সম্পন্ন হবে। ইউনিয়ন পরিষদ নির্বাচন শেষ হওয়ার পর অন্যান্য স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচনও পর্যায়ক্রমে সম্পন্ন করবে কমিশন।






















