দেশের তৈরি পোশাকশিল্পের ইতিহাসের অন্যতম ভয়াবহ তাজরীন ফ্যাশন অগ্নিকাণ্ডের ১৪ বছর পূর্ণ হলো। ২০১২ সালের ২৪ নভেম্বর আশুলিয়ার নিশ্চিন্তপুরে তাজরীন ফ্যাশনস কারখানায় আগুনে প্রাণ হারিয়েছিলেন ১১৪ জন শ্রমিক এবং আহত হয়েছিলেন দুই শতাধিক। দীর্ঘ এক যুগেরও বেশি সময় পেরিয়ে গেলেও আহত শ্রমিকদের পুনর্বাসন ও সুচিকিৎসার আশ্বাস বাস্তবায়িত হয়নি বলে অভিযোগ উঠেছে।
সোমবার (২৪ নভেম্বর) সকালে তাজরীন ট্র্যাজেডির ১৪ বছর পূর্তিতে আশুলিয়ার নিশ্চিন্তপুরে বন্ধ হয়ে যাওয়া কারখানাটির সামনে মানববন্ধন ও নিহতদের স্মরণে অস্থায়ী বেদিতে শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।
২০১২ সালের এই দিনে নিচতলার গুদাম থেকে ছড়িয়ে পড়া আগুনে ৯ তলা ভবনে আটকা পড়ে মারা যান শতাধিক শ্রমিক। মূল ফটক তালাবদ্ধ থাকায় অনেকেই লাফিয়ে পড়ে আত্মরক্ষা করতে গিয়ে পঙ্গুত্ব বরণ করেন। সরকারি হিসেবে আহত দুই শতাধিক হলেও শ্রমিক সংগঠনগুলোর দাবি, আহত শ্রমিকের সংখ্যা এক হাজারের বেশি। প্রায় ১৭২ জন শ্রমিক স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণ করে এখনো মানবেতর জীবনযাপন করছেন।
মানববন্ধনে শ্রমিক নেতারা অবিলম্বে ক্ষতিগ্রস্ত ভবনটি ভেঙে সেখানে আহত শ্রমিকদের জন্য আবাসন ও বিশেষায়িত হাসপাতাল নির্মাণের দাবি জানান। একই সঙ্গে নিহতদের সমপরিমাণ ক্ষতিপূরণ প্রদান এবং ঘটনার জন্য দায়ী কারখানা মালিকসহ সকল দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।






















