তাজরীন ফ্যাশনসের অগ্নিকাণ্ডের ১৪ বছর পেরিয়ে গেছে। দীর্ঘ এই সময়ে ক্ষতিপূরণ, চিকিৎসা ও পুনর্বাসনের দাবিতে আন্দোলন করেও প্রতিশ্রুতির বাস্তবায়ন পাননি আহত শ্রমিকেরা। কর্মক্ষমতা হারিয়ে, চিকিৎসার অভাবে এবং জীবিকার অনিশ্চয়তায় তাঁদের অনেকের দিন কাটছে চরম দুর্ভোগে। নিরুপায় হয়ে তাঁদের কেউ কেউ গত বছরের ২৩ নভেম্বর থেকে আশ্রয় নিয়েছেন সেই তাজরীন ফ্যাশনসের পরিত্যক্ত ও ঝুঁকিপূর্ণ ভবনে। সেখানে নেই পানি, বিদ্যুৎ কিংবা শৌচাগারের ব্যবস্থা। এমন পরিস্থিতিতেও পুনর্বাসনের ব্যবস্থা না হওয়া পর্যন্ত ভবনটি ছাড়তে নারাজ তাঁরা।
‘১৪ বছর ধইরা লড়াই সংগ্রাম কইরা যাইতেছি। সরকার আশ্বাস দেয় বাস্তবায়ন হয়না। নিরুপায় হয়ে গত বছর ২৩ নভেম্বর থেকে এই পরিত্যাক্ত ভবনের নিচে থাকতেছি,’ কথাগুলো বলেন সাভারের আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর এলাকায় ২০১২ সালের ২৪ নভেম্বর তাজরীন ফ্যাশনসের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে আহত শ্রমিক নাসিমা আক্তার। ওই ঘটনায় আগুনে পুড়ে প্রাণ হানেন ১১১ জন শ্রমিক। আহত হন আরও অনেকে। তাঁদের কেউ পঙ্গুত্ব বরণ করেছেন, কেউ এখনো বয়ে বেড়াচ্ছেন শারীরিক ও মানসিক ক্ষত।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, তাজরীন ফ্যাশনস লিমিটেডের সেই ভবনের সামনে জড়ো হয়েছিলেন নিহত শ্রমিকদের স্বজন, আহত শ্রমিক এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা। অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের স্মরণে শ্রদ্ধা জানাতে আসেন তাঁরা। এ সময় সেদিনের ভয়াবহ অভিজ্ঞতার কথা বলতে গিয়ে অনেক আহত শ্রমিক কান্নায় ভেঙে পড়েন। আহত শ্রমিকদের অভিযোগ, দীর্ঘ ১৪ বছরেও তাঁদের চিকিৎসা, ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবির কার্যকর সমাধান হয়নি। সরকার ও সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের কাছ থেকে একাধিকবার আশ্বাস মিললেও বাস্তবে তার প্রতিফলন নেই।
আহত শ্রমিক সবিতা রানি অগ্নিকাণ্ডের দিনের অভিজ্ঞতা বর্ণনা করে বলেন, ‘২০১২ সালের ২৪ নভেম্বর অগ্নিকাণ্ডের সময় আমি কারখানার তৃতীয় তলায় সুইং অপারেটর হিসেবে কাজ করতাম। আগুন লাগার পর আমরা মেশিন থেকে ওঠার চেষ্টা করলে কারখানার ম্যানেজার বলেন, কিছু হয়নি, কাজ করতে। পরে ওপর থেকে ধোঁয়া নামতে দেখে আমি মেশিন ছেড়ে স্যাম্পল রুমে যাই। সেখানকার জানালা দিয়ে বের হওয়ার চেষ্টা করি। মানুষের পায়ের চাপা খেয়ে অনেক কষ্টে বের হই। একপর্যায়ে এক ব্যক্তির বেল্ট ধরে তাঁর সহযোগিতায় বাইরে আসতে সক্ষম হই।’
তিনি আরও জানান, বাইরে বের হওয়ার পর নিচে লাফ দিলে তাঁর কোমরের হাড় সরে যায় এবং ভেঙে যায়। এরপর থেকেই তিনি পঙ্গুত্বের জীবন যাপন করছেন। মালিকপক্ষ কিংবা সংশ্লিষ্ট মহলের পক্ষ থেকে দুর্ভোগের স্থায়ী কোনো সমাধান না পাওয়ায় বাধ্য হয়ে তাঁরা ঝুঁকিপূর্ণ ভবনেই অবস্থান করছেন।






















