পোশাকশিল্পের শ্রমিক ও কর্মচারীদের জন্য মালিকপক্ষের প্রস্তাবিত ন্যূনতম মজুরি শ্রমিকদের দাবির ধারেকাছেও নেই বলে জানিয়েছেন শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আক্তার। তিনি জানান, শ্রমিকদের পক্ষ থেকে ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা দাবি করা হয়েছিল।
সোমবার (২৩ নভেম্বর) ন্যূনতম মজুরি বোর্ডের সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বাবুল আক্তার এসব কথা বলেন। তিনি বলেন, ‘মালিকপক্ষের প্রস্তাব শ্রমিকদের দাবির সমকক্ষ নয়। তবে এটি কোনো চূড়ান্ত প্রস্তাব নয়। আলোচনাকে ফলপ্রসূ ও এগিয়ে নিতে শ্রমিকপক্ষও তাদের দাবির পরিমাণ পুনর্বিবেচনা করে নতুন সংশোধিত প্রস্তাব জমা দেবে।’
বাবুল আক্তার আরো বলেন, ‘মালিকপক্ষ কিছুটা কম অঙ্ক ধরে আলোচনা শুরু করেছে, তবে এটিই শেষ কথা নয়। উভয় পক্ষ আলোচনার মাধ্যমে একটি সন্তোষজনক ও গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানোর চেষ্টা করছে।’
তিনি জানান, সভা শেষ না করে প্রয়োজনে মুলতবি রেখে মঙ্গলবার সকালে আবারও আলোচনায় বসার পরিকল্পনা রয়েছে। পোশাক খাতের ন্যূনতম মজুরির বিষয়টি দ্রুত নিষ্পত্তিতে উভয় পক্ষই নীতিগতভাবে একমত হয়েছে। চূড়ান্ত প্রস্তাব না হওয়া পর্যন্ত মালিকপক্ষের দেওয়া অঙ্কের বিস্তারিত প্রকাশ না করার আহ্বান জানান তিনি।
























