বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস ২০২৬-এ ‘সিইও-ম্যানেজিং ডিরেক্টর অব দ্য ইয়ার’ সম্মাননা অর্জন করেছেন দেশের শীর্ষস্থানীয় রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’-এর ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হাসান নাসির। গত ২৩ নভেম্বর রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে অনুষ্ঠিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের পক্ষ থেকে তাঁর হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়। দেশের কর্পোরেট খাতের বিকাশ ও ব্যবসায়িক নেতৃত্বে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এ পুরস্কার প্রদান করা হয়।
এই অর্জন সাব্বির হাসান নাসিরের সুদীর্ঘ কর্মজীবন, দূরদর্শী ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি এবং বাংলাদেশের আধুনিক খুচরা বিক্রয় (রিটেইল) খাতের বিকাশে তাঁর অনন্য ভূমিকার স্বীকৃতি। তাঁর বলিষ্ঠ নেতৃত্বে এসিআই লজিস্টিকস লিমিটেডের প্রতিষ্ঠান ‘স্বপ্ন’ দেশজুড়ে ব্যাপকভাবে সেবা সম্প্রসারণ করেছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটি ভোক্তা, স্থানীয় উদ্যোক্তা, কৃষক ও সরবরাহকারীদের মধ্যে এক নিবিড় সংযোগ মাধ্যম হিসেবে কাজ করছে।
পুরস্কার অর্জনের পর অনুভূতির প্রকাশ ঘটিয়ে সাব্বির হাসান নাসির আয়োজক প্রতিষ্ঠান বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম ও বিচারকমণ্ডলীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ‘পুরস্কারে একজন ব্যক্তির নাম লেখা থাকলেও এর পেছনে মিশে থাকে হাজারো মানুষের শ্রম, ত্যাগ, বিশ্বাস ও ভালোবাসা।’ এ অর্জনের সর্বাত্মক কৃতিত্ব তিনি ‘স্বপ্ন’ পরিবারের কর্মীবৃন্দ, সম্মানিত শেয়ারহোল্ডার, সরবরাহকারী, ফ্র্যাঞ্চাইজি অংশীদার ও কোটি গ্রাহকের প্রতি উৎসর্গ করেন।
নিজের অভিজ্ঞতা স্মরণ করে তিনি জানান, ২০০৬ সালে অটবি লিমিটেডের সিইও হিসেবে যোগ দেওয়ার সময় তিনি ছিলেন দেশের সর্বকনিষ্ঠ প্রধান নির্বাহী। দীর্ঘ পথচলার এই অভিজ্ঞতা তাঁকে অনুধাবন করিয়েছে যে যৌথ প্রচেষ্টা ও মানবিক মূল্যবোধই টেকসই নেতৃত্বের মূল চাবিকাঠি।
তিনি আরও যোগ করেন, ‘স্বপ্নের মূল লক্ষ্য শুধু ব্যবসায়িক সাফল্য নয়, বরং একটি মানবিক ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠন করা।’ সে লক্ষ্যে প্রান্তিক জনগোষ্ঠীর সামাজিক উন্নয়ন, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন এবং কৃষকের জীবনমান উন্নয়নে প্রতিষ্ঠানটি নিরলস কাজ করে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
নেতৃত্বের দর্শন তুলে ধরে সাব্বির হাসান নাসির বলেন, সাফল্য যেন মানুষকে অহংকারী না করে এবং ক্ষমতা যেন সহমর্মিতা না কমায়। প্রতিকূল পরিস্থিতিতেও নৈতিকতা বজায় রেখে সেবার মনোভাব ধরে রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
























