তৈরি পোশাক খাতের শ্রমিকদের নতুন নিম্নতম মজুরি নির্ধারণে আনুষ্ঠানিকভাবে নিজেদের প্রস্তাব জমা দিয়েছে মালিকপক্ষ। তবে এই প্রস্তাবে ঠিক কত টাকা মজুরির সুপারিশ করা হয়েছে, তা এখনই প্রকাশ করতে রাজি হয়নি নিম্নতম মজুরি বোর্ড। পরিচালনা পর্ষদের আলোচনা শেষ হওয়ার পর পরবর্তী সভায় এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।
সোমবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে তৈরি পোশাকশিল্প খাতের নিম্নতম মজুরি বোর্ডের চলমান তৃতীয় সভার বিরতিতে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান। ব্রিফিংয়ে শ্রমিক প্রতিনিধি বাবুল আখতারসহ বোর্ডের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন। গণমাধ্যমে প্রচারিত মালিকপক্ষের ১৪ হাজার থেকে ১৪ হাজার ৩০০ টাকার প্রস্তাবের খবরকে বিভ্রান্তিকর ও অবাস্তব বলে উল্লেখ করেন চেয়ারম্যান।
বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী জানান, সকাল সাড়ে ১০টায় নির্ধারিত সময়ে সভার কার্যক্রম শুরু হয় এবং বিকেল চারটা পর্যন্ত টানা আলোচনা চলে। সভায় শ্রমিক ও মালিক উভয় পক্ষের প্রতিনিধিরা নিজ নিজ যুক্তি ও বিশ্লেষণ তুলে ধরেছেন। এর আগে শ্রমিক পক্ষ তাদের দাবি উপস্থাপন করেছিল, যার ওপর ভিত্তি করেই বর্তমানে পর্যালোচনা চলছে।
তিনি আরও উল্লেখ করেন, ঢাকা, আশুলিয়া, সাভার, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের বিভিন্ন শিল্পাঞ্চলের পোশাক কারখানা পরিদর্শন করে বোর্ড যেসব তথ্য-উপাত্ত সংগ্রহ করেছে, তা সভায় উপস্থাপন করা হয়েছে। চূড়ান্ত সুপারিশ ও সরকারি প্রজ্ঞাপন জারির আগে অপ্রয়োজনীয় উত্তেজনা এড়াতে মজুরির নির্দিষ্ট অঙ্ক গোপন রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বোর্ডের অনানুষ্ঠানিক কোনো তথ্যে বিভ্রান্ত না হওয়ার জন্য তিনি সবাইকে আহ্বান জানান।
























