সৌদি আরবের পবিত্র নগরী মদিনায় অবস্থিত অনন্য ঐতিহাসিক স্থাপনা ‘মসজিদ আল-সুকইয়া’। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঐতিহাসিক বদরযাত্রার অবিস্মরণীয় স্মৃতির সঙ্গে জড়িয়ে রয়েছে এই মসজিদ।
দ্বিতীয় হিজরির (৬২৪ খ্রিষ্টাব্দ) ঐতিহাসিক বদর যুদ্ধের উদ্দেশ্যে মদিনা থেকে যাত্রার পথে মহানবী (সা.) সুকইয়া এলাকায় অবস্থান নেন। সেখানে তিনি সাহাবিদের নিয়ে নামাজ আদায় করেন এবং মুসলিম বাহিনীর সামরিক প্রস্তুতি পর্যালোচনা করেন।
ঐতিহাসিক তথ্যমতে, সেনাদলের অল্পবয়সী কয়েকজন সদস্যকে বয়সের কারণে সে সময় যুদ্ধযাত্রা থেকে ফেরত পাঠান বিশ্বনবী (সা.)। এরপর অবশিষ্টদের নিয়ে প্রস্তুতি সম্পন্ন করে তাঁদের কল্যাণ, পর্যাপ্ত বাহন, পোশাক ও খাবারের জন্য আল্লাহর দরবারে বিশেষ মুনাজাত করেন। ফলে সুকইয়া এলাকাটি বদর যুদ্ধের ঐতিহাসিক প্রস্তুতি ও স্মৃতির প্রতীক হিসেবে চিহ্নিত হয়ে আছে।
এ মসজিদের বিশেষ তাৎপর্য হলো, এখানে মহানবী (সা.) মদিনাবাসীর জীবন-জীবিকা, খাদ্য ও ব্যবসায় সমৃদ্ধির জন্য বরকতের দোয়া করেছিলেন। একই সঙ্গে মদিনাকে নিরাপদ ও পবিত্র নগরী হিসেবে ঘোষণার বার্তাটি এ সুকইয়ার ঐতিহাসিক প্রসঙ্গের সঙ্গে জড়িত।
মসজিদটির নামকরণ করা হয়েছে পার্শ্ববর্তী সুকইয়া কূপের নাম অনুসারে, যা সাহাবি সাদ ইবনে আবি ওয়াক্কাস (রা.)-এর মালিকানাধীন ছিল। বদরযাত্রার সময় এ কূপের পানি ব্যবহার করেছিলেন আল্লাহর রাসূল (সা.)। পরবর্তীতে সৌদি আরবের ভিশন ২০৩০-এর আওতায় ঐতিহাসিক এ মসজিদটি সংরক্ষণ ও পুনর্বাসন করা হয়েছে।

























