বাংলাদেশ রেলওয়ের রেকর্ড কিপার পদে নিয়োগ পরীক্ষার উত্তরপত্রে ঘষামাজা ও জালিয়াতির মাধ্যমে পছন্দের প্রার্থীকে অবৈধভাবে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগে দায়ের করা দুর্নীতি মামলায় রেলওয়ে পূর্বাঞ্চলের দুই সাবেক কর্মকর্তাকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেছেন আদালত। দণ্ডিত আসামিরা হলেন—রেলওয়ের সাবেক মহাব্যবস্থাপক (জিএম) ইউসুফ আলী মৃধা এবং সাবেক এসডব্লিউও গোলাম কিবরীয়া। আদালত তাদের মধ্যে ইউসুফ আলী মৃধাকে দুই বছর এবং গোলাম কিবরীয়াকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। তবে একই মামলায় অভিযুক্ত অপর আসামি সরোয়ার হোসেনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাঁকে বেকসুর খালাস দিয়েছেন।
রোববার (২২ নভেম্বর) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান এই চাঞ্চল্যকর রায় ঘোষণা করেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. এনামুল ইসলাম গণমাধ্যমকে জানান, মামলায় মোট ২০ জন সাক্ষীর সাক্ষ্য ও নথিপত্র পর্যালোচনা করে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এই রায় দেন। রায় ঘোষণার সময় গোলাম কিবরীয়া আদালতে উপস্থিত থাকায় তাঁকে সাজা পরোয়ানা মূলে কারাগারে পাঠানো হয়। অন্যদিকে, রায় ঘোষণার সময় পলাতক থাকায় সাবেক জিএম ইউসুফ আলী মৃধার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
মামলার এজাহার ও তদন্ত সূত্রে জানা যায়, ২০১০ সালে বাংলাদেশ রেলওয়ের চট্টগ্রাম সিআরবি কার্যালয়ে রেকর্ড কিপার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। পরবর্তীতে ২০১১ সালের ১৮ মার্চ চট্টগ্রাম ও রাজশাহী কেন্দ্রে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং খাতা মূল্যায়নের পর চারজন প্রার্থী উত্তীর্ণ হন। কিন্তু তৎকালীন কর্মকর্তা গোলাম কিবরীয়া মূল নম্বরপত্র গোপন করে নিজের মতো করে আরেকটি নম্বরপত্র তৈরি করেন। পরবর্তীতে মূল নম্বরে ঘষামাজা করে পরীক্ষার্থী মো. ইব্রাহিম খলিলের নম্বর কমিয়ে এবং মো. সরোয়ার হোসেনের নম্বর বাড়িয়ে তাঁকে অবৈধভাবে এগিয়ে দেওয়া হয় এবং তৎকালীন জিএম ইউসুফ আলী মৃধা সেই নিয়োগ চূড়ান্ত অনুমোদন করেন।
এই জালিয়াতির ঘটনার সত্যতা পেয়ে ২০১৩ সালের ১১ ফেব্রুয়ারি দুদকের সহকারী পরিচালক মো. মোস্তাফিজুর রহমান বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে ২০১৭ সালের ৩১ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করা হয় এবং ২০১৮ সালের ২৫ এপ্রিল তিন আসামির বিরুদ্ধে চার্জগঠনের মাধ্যমে বিচারকার্য আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছিল।
























