‘ছোটবেলায় স্কুলের ঘণ্টা বাজিয়ে পালিয়ে যেতাম’ কিংবা ‘অফিসে কাজের ভান করে ঘুমিয়ে নিয়েছি’—এমন সব স্বীকারোক্তি শুনে কেউ হয়তো অবাক হবেন, আবার কেউ হেসে উঠবেন। তবে মজার বিষয় হলো, আজকের দিনে বলা এসব স্বীকারোক্তির সবই হতে পারে নিছক মিথ্যা! কারণ প্রতিবছর ২১ নভেম্বর পালিত হয় ‘ফলস কনফেশন ডে’ বা মিথ্যা স্বীকারোক্তি দিবস।
নাম শুনেই বোঝা যায়, এই দিনে নির্দোষ মিথ্যা স্বীকারোক্তি দেওয়ার সুযোগ রয়েছে। তবে এর উদ্দেশ্য কাউকে প্রতারিত করা নয়, বরং একটু হাসি-ঠাট্টা আর পরিচিত মানুষদের চমকে দেওয়া। ‘ডেজ অব দ্য ইয়ার’ ওয়েবসাইটের বর্ণনা অনুযায়ী, দিবসটি মূলত বন্ধু ও সহকর্মীদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নেওয়ার একটি সুন্দর সুযোগ তৈরি করে।
ধরা যাক, আপনি বন্ধুদের কাছে অত্যন্ত শান্ত ও নিরীহ মানুষ হিসেবে পরিচিত। আজ হঠাৎ ঘোষণা দিলেন, ‘স্কুলজীবনে ক্লাসের সবচেয়ে দুষ্টু ছাত্র ছিলাম আমি!’ বন্ধুরা হয়তো প্রথমে বিশ্বাসই করবেন না। তবে এ ধরনের কৌতুকপূর্ণ স্বীকারোক্তির আড়ালে কখনো কখনো নিজের কোনো সুপ্ত অনুভূতিও প্রকাশিত হতে পারে। তাই দিনটি উদযাপনের সময় খেয়াল রাখা প্রয়োজন—মিথ্যা স্বীকারোক্তি যেন নিছক আনন্দের মধ্যেই সীমাবদ্ধ থাকে এবং এতে যেন কারও সম্মানহানি না ঘটে।


























