বর্ণাঢ্য আয়োজনে বরিশালের ঐতিহ্যবাহী শের-ই-বাংলা মেডিকেল কলেজের ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। তবে দীর্ঘ পথচলায় চিকিৎসাশিক্ষায় প্রতিষ্ঠানটি গৌরব অর্জন করলেও সংযুক্ত হাসপাতালের সেবার মান নিয়ে দেখা দিয়েছে নানা সংকট।
শুক্রবার (২০ নভেম্বর) শোভাযাত্রা ও কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। অনুষ্ঠানে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা অংশ নেন।
১৯৬৮ সালে যাত্রা শুরু করা এই প্রতিষ্ঠানটি দক্ষিণাঞ্চলের চিকিৎসাসেবার প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত। কিন্তু বর্তমানে এক হাজার শয্যার এই হাসপাতালে তিন হাজারেরও বেশি রোগী ভর্তি থাকায় চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ওষুধ ও খাবারের বরাদ্দ প্রয়োজনের তুলনায় অপ্রতুল। বাজেট সংকটের কারণে রোগীদের খাদ্য তালিকা থেকে ডিমের মতো পুষ্টিকর খাবারও বাদ দিতে হয়েছে। জনবল সংকট ও প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে সাধারণ রোগীরা প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন। দ্রুত এই সংকট নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগীরা।


























