রাশিয়ার বিস্তীর্ণ সাইবেরিয়া অঞ্চলের কেমেরোভো প্রদেশে দেশটির সামরিক বাহিনীর একটি পরিবহন বিমান বিধ্বস্ত হয়েছে। উড়োজাহাজটিতে যাত্রী ও ক্রুসহ মোট ১৯ জন ছিলেন, যাদের সবাই নিহত হয়েছেন। রাশিয়ার কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বিধ্বস্ত বিমানটি ছিল আন্তোনভ এএন-১২ মডেলের এবং এটি মঙ্গলবার গভীর রাতে দুর্ঘটনা শিকার হয়।
কেমেরোভো প্রদেশের গভর্নর ইলিয়া সেরেদিউক রুশ দৈনিক দ্য মস্কো টাইমসকে জানিয়েছেন, আঞ্চলিক রাজধানী থেকে ৫ কিলোমিটার দূরে ইয়াগুনোভা গ্রামের একটি বিরান এলাকায় উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনের জন্য একটি তদন্ত দল এবং বিমান দুর্ঘটনা তদন্ত কমিশন কাজ করছে। জরুরি সেবাদানকারী দলগুলোও ঘটনাস্থলে উপস্থিত রয়েছে।
প্রাথমিকভাবে জানা গেছে, উড়োজাহাজটির চারটি ইঞ্জিনের একটিতে জ্বালানি লিক হয়ে আগুন ধরে যাওয়ার কারণে নিয়ন্ত্রণ ব্যবস্থা অকেজো হয়ে পড়ে এবং এটি মাটিতে আছড়ে পড়ে। রুশ সংবাদমাধ্যম ‘বাজা’ জানিয়েছে, জ্বালানি লিক হওয়া, ইঞ্জিনে আগুন লাগা এবং হাইড্রোলিক সিস্টেম বিকল হয়ে যাওয়াই এই বিমান বিধ্বস্ত হওয়ার সম্ভাব্য কারণ।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজে বিমানটি বিধ্বস্ত হওয়ার মুহূর্তের দৃশ্য দেখা গেছে, যেখানে দূর আকাশে একটি জ্বলন্ত বস্তুকে নিচে পড়ে যেতে দেখা যায়। এরপর একটি বিস্ফোরণে আকাশ আলোকিত হয়ে ওঠে। বিবিসি এবং রয়টার্স ফুটেজটির সময় ও তারিখ যাচাই করেছে। রুশ সামরিক বাহিনীতে অস্ত্র ও সেনা পরিবহনের পাশাপাশি অনুসন্ধান ও উদ্ধার অভিযানে এএন-১২ সিরিজের বিমানগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ।

























