সৌদি আরবের পবিত্র নগরী মক্কার অন্যতম প্রধান স্থাপনা ‘মক্কা ক্লক টাওয়ার’ গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে দুটি বিশ্বরেকর্ড অর্জন করেছে। টাওয়ারের ভেতরে অবস্থিত জাদুঘরটি বিশ্বের সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত জাদুঘর এবং এর পর্যবেক্ষণ মঞ্চটি বিশ্বের সর্বোচ্চ উন্মুক্ত পর্যবেক্ষণ মঞ্চ হিসেবে স্বীকৃতি পেয়েছে। দ্য ইসলামিক ইনফরমেশন এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।
সৌদি আরবের মক্কা নগরী ও পবিত্র স্থানবিষয়ক রয়্যাল কমিশন জানিয়েছে, ক্লক টাওয়ারের কসমস সায়েন্স অ্যান্ড ক্রিসেন্ট অবজারভেশন সেন্টার এবং মক্কা ক্লক এই দুটি স্থাপনা গিনেস সনদ লাভ করেছে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্যমতে, জাদুঘরটি ভূমি থেকে ৪২৬ দশমিক ৮৭৫ মিটার উচ্চতায় এবং পর্যবেক্ষণ মঞ্চটি ৫৬০ দশমিক ৮৭৫ মিটার উচ্চতায় অবস্থিত। ২০২৬ সালের ৫ জানুয়ারি এই রেকর্ডগুলো আনুষ্ঠানিকভাবে অর্জিত হয়।
এই জাদুঘর ও পর্যবেক্ষণ কেন্দ্রে মহাকাশবিজ্ঞান, জ্যোতির্বিদ্যা এবং সময় পরিমাপের ইতিহাসের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। দর্শনার্থীরা এখানে গ্রহ-নক্ষত্র ও ইসলামি বর্ষপঞ্জি অনুযায়ী চাঁদ দেখার বৈজ্ঞানিক পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানতে পারেন। রয়্যাল কমিশন জানিয়েছে, এই অর্জন মক্কার পর্যটন ও জ্ঞানভিত্তিক অভিজ্ঞতাকে আন্তর্জাতিক পর্যায়ে আরও সমৃদ্ধ করবে।


























