বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ শীর্ষ অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। বায়ুমান সূচকে শহরটির স্কোর ২৮৪। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে রাজধানী ঢাকা, যার স্কোর ২০৮। ঢাকার বাতাসের এই মান ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের ডেটা থেকে এ তথ্য জানা গেছে।
বায়ুদূষণের এই তালিকায় ১৯৯ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ভারতের কলকাতা। এ ছাড়া ১৮৩ স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লি এবং ১৭২ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে নেপালের কাঠমান্ডু শহর।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে তা মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য ১০১ থেকে ১৫০ স্কোর অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় এবং ১৫১ থেকে ২০০ পর্যন্ত স্কোর ‘অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়। এ ছাড়া স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

























