তৈরি পোশাকশিল্পে শ্রমিক অসন্তোষের পেছনে আওয়ামী লীগের সম্পৃক্ততা ও উসকানি রয়েছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, শ্রমিকদের ন্যায্য দাবির প্রতি সরকার শতভাগ একমত। তবে শ্রমিকদের দাবিকে পুঁজি করে একটি পক্ষ দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। শ্রমিকদের মধ্যে মিশে কিছু শ্রমিক নামধারী ব্যক্তি অসন্তোষ জিইয়ে রাখতে চায়। সরকার ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলা করছে, যাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে কোনো নিরীহ মানুষের প্রাণ না যায়।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সপ্তম দিনের সভায় কার্যপ্রণালি বিধির ১৪৭ বিধিতে আনা প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে প্রতি তিন বছর পরপর ন্যূনতম মজুরি নির্ধারণের জন্য মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্ত হয়েছিল। এর আগে পাঁচ বছর পরপর মজুরি নির্ধারণ করা হতো। আগামী ডিসেম্বরে তিন বছর পূর্ণ হবে। শ্রমিকদের দাবির পরিপ্রেক্ষিতে মালিক ও শ্রমিকপক্ষের সঙ্গে আলোচনা করে সরকার নতুন মজুরি বোর্ড গঠনের উদ্যোগ নিয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মালিকপক্ষ বেশ কিছুদিন আগেই তাদের প্রতিনিধির নাম দিয়েছে। শ্রমিকপক্ষ দুই সপ্তাহ পর আলোচনা করে তাদের প্রতিনিধির নাম দেয়। এরপর মজুরি বোর্ড গঠিত হয়েছে। তবে বোর্ড গঠনের সময়সীমা কিংবা ন্যূনতম মজুরি নির্ধারণের নির্ধারিত সময় এখনো অতিক্রান্ত হয়নি।
শ্রমিক অসন্তোষের পেছনে উসকানির অভিযোগ তুলে সালাহউদ্দিন আহমেদ বলেন, দেড় মাস আগেই কোনো কারণ ছাড়াই একটি পক্ষ সীমান্তের বাইরে থেকে শ্রমিকদের অসন্তোষ উসকে দিয়েছে বলে তাঁরা লক্ষ্য করেছেন। নিরীহ শ্রমিকদের মজুরি বোর্ড গঠনের দাবিকে সামনে রেখে প্রথমে ঢাকার উত্তরখান ও দক্ষিণখান এলাকায় এবং বিমানবন্দর সড়কে অবরোধ করা হয়। সরকার অত্যন্ত ধৈর্যের সঙ্গে শ্রমিক সংগঠনগুলোর নেতাদের সঙ্গে কথা বলেছে। পুলিশও ধৈর্যশীল আচরণ করেছে এবং বিমানবন্দর সড়কের এক পাশ খোলা রেখেছে।
শ্রমিকদের দাবির প্রতি সরকারের সমর্থনের কথা জানিয়ে তিনি বলেন, শ্রমিকদের ন্যায্য দাবির পক্ষে সরকার শতভাগ একমত। এখানে সরকারপক্ষ বা অন্য কোনো পক্ষ বলে কিছু নেই। সারা বিশ্বে মধ্যপ্রাচ্যের যুদ্ধসহ বিভিন্ন কারণে অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে। এই যুদ্ধের ভুক্তভোগী হয়েছে অনেক দেশ। বাংলাদেশ এ যুদ্ধ চায়নি এবং এর কোনো অংশীদারও নয়। যুদ্ধের অর্থনৈতিক প্রভাবে বিশ্বের বিভিন্ন দেশে জ্বালানি তেলের দাম বেড়েছে।
জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় নিম্ন আয়ের মানুষের দুর্ভোগের কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শ্রমিক অধ্যুষিত এলাকায় ৩০ টাকা কেজি দরে চাল বিতরণের নির্দেশ দিয়েছেন এবং এ কার্যক্রম চলছে। এ ছাড়া শ্রমিকদের জন্য নির্ধারিত শিল্পাঞ্চলে ছয়টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা দেওয়া হয়েছে। এসব হাসপাতালের প্রকল্প প্রণয়নের কাজ চলছে।
মজুরি বৃদ্ধির বিষয়ে মালিকদের অনুরোধ জানানো হয়েছে উল্লেখ করে বলেন, মালিকদের এমন একটি মজুরি প্রস্তাব দিতে হবে যা শ্রমিকদের জীবনযাত্রার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
























