মধ্যপ্রাচ্যে নতুন করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে উপসাগরীয় দেশ কুয়েতেও ড্রোন হামলার শিকার হওয়ার খবর পাওয়া গেছে।
স্থানীয় সময় মঙ্গলবার (১৭ নভেম্বর) এ হামলার ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে কুয়েতের সামরিক বাহিনী জানিয়েছে, তাদের দেশ ড্রোন হামলার মুখে পড়েছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘বিস্ফোরণের যেসব শব্দ শোনা যাচ্ছে, মূলত শত্রুপক্ষের হামলা প্রতিহত করতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ব্যবহারের ফলেই এ শব্দ সৃষ্টি হয়েছে।’
এর আগে হরমুজ প্রণালীতে অবস্থিত ইরানের দক্ষিণাঞ্চলীয় কেশম দ্বীপে কয়েক দফা বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। তার ঠিক কয়েক ঘণ্টা আগে বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি রাডার ব্যবস্থায় ড্রোন হামলা চালানোর কথা স্বীকার করে ইরান।
মঙ্গলবার ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএকে দেওয়া এক বক্তব্যে দেশটির দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের উপগভর্নর আহমাদ নাফিসি জানান, কেশম দ্বীপের কয়েকটি স্থানে যুক্তরাষ্ট্র হামলা চালালেও আবাসিক, বাণিজ্যিক কিংবা কোনো অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়নি। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং জরুরি সেবাদানকারী সংস্থাকে সর্বোচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে।
এদিকে আল জাজিরাকে দেওয়া বক্তব্যে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা জানান, ইরানের বাহরাইনে অবস্থিত মার্কিন ঘাঁটিতে চালানো পূর্ববর্তী হামলার জবাবেই কেশম দ্বীপের একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকেন্দ্রে এই আঘাত হেনেছে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, বাহরাইনের একটি বিমানঘাঁটিতে অবস্থিত মার্কিন রাডার ব্যবস্থাকে লক্ষ্য করে ইরানের পাঠানো ড্রোনগুলো সফলভাবে প্রতিহত করা হয়েছে। এতে মার্কিন সামরিক সরঞ্জাম বা কোনো সদস্যের কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

























