তরুণ প্রজন্মের উদ্যম, সৃজনশীলতা ও উদ্ভাবনী প্রযুক্তি খাতের বিকাশে স্টার্টআপ প্রতিষ্ঠান, কনটেন্ট ক্রিয়েটর এবং ফ্রিল্যান্সারদের সম্পূর্ণ ভ্যাট অব্যাহতির প্রস্তাব করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের ষষ্ঠ দিনের প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান।
অর্থমন্ত্রী বলেন, ‘স্টার্টআপ প্রতিষ্ঠানের স্থানীয় পর্যায়ে ১৫ শতাংশ ভ্যাট সম্পূর্ণ অব্যাহতি প্রদানের প্রস্তাব করছি। পাশাপাশি স্টার্টআপ প্রতিষ্ঠান কর্তৃক সেবা আমদানির ক্ষেত্রে এবং স্থাপনা ভাড়া গ্রহণের ক্ষেত্রে প্রযোজ্য ১৫ শতাংশ ভ্যাটও সম্পূর্ণরূপে অব্যাহতি দেওয়ার প্রস্তাব করা হয়েছে।’ তিনি জানান, এই অব্যাহতির মেয়াদ ২০৩৫ সালের ৩০ জুন পর্যন্ত বলবৎ থাকবে।
এ ছাড়া কনটেন্ট ক্রিয়েটর ও ফ্রিল্যান্সারদের প্রদত্ত সেবার ওপর আরোপিত ১৫ শতাংশ ভ্যাটও সম্পূর্ণরূপে অব্যাহতি দেওয়ার প্রস্তাব করা হয়েছে বলে সংসদে উল্লেখ করেন তিনি।
এ দিন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাজমুন নাহারের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আরও জানান, আর্থিক সংকটে থাকা আটটি বিমা কোম্পানির ২২ হাজার ৩০ জন গ্রাহককে ৮৪ কোটি ৬ লাখ ৩৫ হাজার ৯৫৫ টাকার বিমা দাবি পরিশোধ করা হয়েছে।
উল্লেখ্য, সংসদ সদস্য নাজমুন নাহার যেসব জীবন বিমা কোম্পানি মেয়াদোত্তর বিমা দাবি পরিশোধ না করে গ্রাহকদের সঙ্গে প্রতারণা করছে, সেসব চিহ্নিত প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিলের কোনো পরিকল্পনা সরকারের রয়েছে কি না, সে বিষয়ে মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছিলেন।
























