আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের জুতা রপ্তানিতে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) চামড়া ও চামড়াবিহীন জুতা রপ্তানি থেকে মোট ৪৫৭.০১ মিলিয়ন মার্কিন ডলার আয় হয়েছে, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ৯.৩৭ শতাংশ বেশি। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সর্বশেষ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, আলোচিত সময়ে চামড়ার জুতা থেকে ২৬২.১৫ মিলিয়ন ডলার এবং চামড়াবিহীন জুতা থেকে ১৯৪.৮৬ মিলিয়ন ডলার আয় হয়েছে। আগের বছরের একই সময়ের তুলনায় এই দুই খাতেই যথাক্রমে ৯.২৯ ও ৯.৪৮ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, সরকার রপ্তানি পণ্যের বহুমুখীকরণ ও নতুন বাজার সম্প্রসারণে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। তিনি জানান, জুতা শিল্পের উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণে সরকার নীতিগত সহায়তা অব্যাহত রেখেছে। এছাড়া আন্তর্জাতিক মানদণ্ড পূরণে উদ্যোক্তাদের সহায়তার জন্য একটি উচ্চপর্যায়ের কমিটি কাজ করছে।
খাতসংশ্লিষ্টরা জানান, প্রচলিত বাজারের পাশাপাশি মেক্সিকোর মতো নতুন বাজারেও বাংলাদেশের জুতার চাহিদা বাড়ছে। এছাড়া যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপের বাজারে বাংলাদেশের জুতার ক্রয়াদেশ আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে।


























