পড়াশোনার পাশাপাশি টিউশনি করে নিজের খরচ চালানোর প্রচলিত ধারা থেকে বেরিয়ে আসছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নারী শিক্ষার্থীরা। হাতে বানানো গয়না, ঘরে তৈরি খাবার কিংবা পোশাক ও হস্তশিল্প নিয়ে কাজ করে তাঁরা নিজেদের সৃজনশীলতাকে ব্যবসায়িক উদ্যোগে রূপ দিচ্ছেন। এর মাধ্যমে একদিকে যেমন তাঁরা নিজেদের পরিচিতি তৈরি করছেন, অন্যদিকে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন।
বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো আয়োজিত দুই দিনব্যাপী উদ্যোক্তা মেলায় নারী শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। মেলার ১১টি স্টলের মধ্যে অধিকাংশেই ছিলেন নারী উদ্যোক্তারা। মেলায় অংশ নেওয়া ‘হার চয়েজ’-এর উদ্যোক্তা নুসরাত মাহি বলেন, করোনা মহামারির পর থেকে অনলাইন ব্যবসায় নারীদের আগ্রহ ও অংশগ্রহণ বহুগুণ বেড়েছে। নারীরা এখন আর ঘরে বসে নেই, ব্যবসা খাতেও সমান অবদান রাখছেন।
তবে ক্যাম্পাসে নিয়মিত পণ্য প্রদর্শন ও বিক্রির জন্য স্থায়ী কোনো জায়গা না থাকাকে সমস্যা হিসেবে দেখছেন শিক্ষার্থীরা। ‘কণ্ঠলহরী’-এর উদ্যোক্তা সানজানা তালুকদার বুশরা বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যদি উদ্যোক্তাদের জন্য নির্দিষ্ট ও সংগঠিত জায়গা বরাদ্দ দেয়, তবে শিক্ষার্থীরা আরও বেশি অনুপ্রাণিত হবেন। নারী উদ্যোক্তাদের এই অংশগ্রহণকে ক্যাম্পাসের জন্য একটি ইতিবাচক পরিবর্তন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

























