নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা এবং ক্ষতিকর সামাজিক প্রথা প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের উৎসাহিত করার লক্ষ্যে ‘মিডিয়া ফেলোশিপ ২০২৬’ ঘোষণা করেছে জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) বাংলাদেশ। এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি সাংবাদিকদের কাছ থেকে প্রতিবেদনের প্রস্তাবনা আহ্বান করেছে।
ফেলোশিপের আওতায় জেন্ডারভিত্তিক সহিংসতা, প্রযুক্তির অপব্যবহার, বাল্যবিবাহ এবং নারী ও কন্যাশিশুর প্রতি বৈষম্য নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন তৈরির সুযোগ থাকবে। বিশেষ করে প্রান্তিক পর্যায়ে অবহেলিত নারী ও কন্যাশিশুদের না-বলা গল্পগুলো জনসমক্ষে তুলে ধরাই এই আয়োজনের মূল লক্ষ্য।
সাংবাদিকতায় অন্তত দুই বছরের অভিজ্ঞতা সম্পন্ন যেকোনো সাংবাদিক আগামী ২২ নভেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। চূড়ান্তভাবে নির্বাচিত ১০ জন ফেলোকে বিশেষ ওরিয়েন্টেশনের পাশাপাশি সম্মাননা ও সনদপত্র প্রদান করা হবে। বিস্তারিত তথ্য ইউএনএফপিএ বাংলাদেশের ওয়েবসাইটে পাওয়া যাবে।


























